দেশ

কমেছে মায়ানমারের জনসংখ্যা, কী জানাচ্ছে সমীক্ষা

Myanmar's population has decreased, what does the survey reveal?

Truth Of Bengal: ১০ বছর আগের তুলনায় কিছুটা কমেছে মায়ানমারের জনসংখ্যা। ২০২৪ সালের আদমশুমারি অনুযায়ী, জনসংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ১৩ লক্ষে। মায়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মায়ানমার জুড়ে চলমান অস্থিরতা ও সংঘাতের মধ্যে প্রতিশ্রুত নির্বাচনের প্রস্তুতির অংশ হিসাবে এই আদমশুমারি চালানো হয়েছে বলে জানিয়েছে সামরিক জুন্টা সরকার। ২০২৪ সালের অক্টোবরে এই আদমশুমারি করা হয়।

এ বছর মায়ানমারে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে জুন্টা সরকারের। নির্বাচনের ভোটার তালিকা প্রণয়নের জন্য এই আদমশুমারি ব্যবহার করা হবে। তবে আদমশুমারির ফলাফলকে ভুয়ো বলে ব্যাপকভাবে এটির নিন্দা জানিয়েছেন জুন্টাবিরোধীরা। তবে, জুন্টাপ্রধান মিন অং হ্লাইং রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া নববর্ষের ভাষণে বলেছেন, ‘আমি সফলভাবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের চেষ্টা করছি, যা স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের মূল লক্ষ্য।’

মায়ানমারে ২০২১ সালের শুরু থেকে অস্থিরতা চলছে। ওই বছর সামরিক বাহিনী একটি নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে এবং হিংসাত্মক ভাবে গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমন করে। এতে দেশব্যাপী সশস্ত্র বিদ্রোহ দানা বাঁধে। সামরিক বাহিনী একাধিক ফ্রন্টে বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে। জুন্টা সরকার বিপর্যস্ত অর্থনীতি নিয়ে ব্যাপক চাপের মধ্যে রয়েছে। সামরিক শাসন শুরুর আগে দেশটির অর্থনীতিকে প্রতিশ্রুতিশীল বাজার হিসেবে দেখা হতো।

গত মাসে মায়ানমারের বিদেশমন্ত্রী নির্বাচন আয়োজনের বিষয়ে জুন্টা সরকারের অগ্রগতি প্রতিবেশী দেশগুলির কাছে তুলে ধরেন। কিন্তু এ সময় বিরোধী গোষ্ঠীগুলিকে একপেশে করে রাখা এবং তাদের অনুপস্থিতি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। আদমশুমারি প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে মায়ানমারের জন্যসংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ১৩ লক্ষে। ২০১৪ সালে আগের আদমশুমারিতে যা ছিল ৫ কোটি ১৫ লক্ষ। এই দুই আদমশুমারির কোনওটিতেই রোহিঙ্গা মুসলমানদের অন্তর্ভুক্ত করা হয়নি।

Related Articles