Manipur Violence: ফের অশান্ত মণিপুর! দুষ্কৃতীর গুলিতে মৃত চার
Fresh violence erupts in Manipur as four people, including a 60-year-old woman, are shot dead at point-blank range in Churachandpur district.
Truth Of Bengal: মণিপুরে ফের নতুন করে ছড়াচ্ছে অশান্তি। আততায়ীদের গুলিতে মৃত্যু হয়েছে ৬০ বছর বয়সী এক মহিলা সহ চার জনের (Manipur Violence)। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি করে এক হামলাকারী। সোমবার ঘটনাটি ঘটেছে মণিপুরের চূড়াচাঁদপুর জেলার মংজাং গ্রামের কাছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
[আরও পড়ুন: Terror Infiltration: কাশ্মীরে ফের জঙ্গি অনুপ্রবেশের ছক বানচাল, গ্রেফতার ১]
সংবাদসংস্থা সূত্রে খবর, সোমবার দুপুর ২টো নাগাদ একটি গাড়ির উপরে হামলা চালায় এক অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। গাড়িটিতে সেই সময় ছিলেন চার যাত্রী। পুলিশ সূত্রে খবর, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে প্রত্যেক যাত্রীকে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোনও সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। ঘটনাস্থল থেকে একাধিক গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলের আশেপাশে কোনও সিসিটিভি ছিল কি না খুঁজে দেখছে পুলিশ (Manipur Violence)।
[আরও পড়ুন: Child Murder: চার বছরের কন্যাকে শ্বাসরোধ করে খুন! গ্রেফতার বাবা]
২০২৩ সাল থেকেই কুকি ও মেইতেই জনগোষ্ঠীর সংঘর্ষের জেরে মণিপুরে অশান্তি অব্যাহত। এখনও পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের জেরে প্রায় দু’শো জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসেবে অনুযায়ী, ঘরছাড়া হয়েছেন প্রায় ৬০ হাজার মানুষ। চলতি বছরের শুরুতে নতুন করে অশান্তির জেরে ফেব্রুয়ারি থেকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। কিছুদিন আগেই মণিপুর প্রশাসনের তরফে দাবি করা হয়েছিল, রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পর থেকেই মণিপুরে অশান্তির ঘটনা অনেকাংশেই কমে গিয়েছে। দুই জনগোষ্ঠীর সংঘর্ষের পরিস্থিতির মধ্যেই ফের সোমবার রাস্তার উপর গুলি চালনার ঘটনার কোনও যোগাযোগ আছে কি না সে ব্যাপারেও তদন্ত করে দেখছে পুলিশ (Manipur Violence)।






