দেশ

মহারাষ্ট্রের ছকে ঘোড়া কেনাবেচা এবার কর্নাটকে? বিস্ফোরক সিদ্দা

Horse trading on the lines of Maharashtra is now happening in Karnataka? Explosive Sidda

Truth Of Bengal: মহারাষ্ট্রের ঘোড়া কেনাবেচার ছক কি এবার কর্নাটকে? চাঞ্চল্যকর অভিযোগ শোনা গেল সিদ্দারামাইয়ার মুখে। তাঁর অভিযোগ, রাজ্যে তাঁর সরকার ফেলতে মরিয়া বিজেপি। যদিও সেই অভিযোগ নস্যাৎ করেছে গেরুয়া শিবির।

বুধবার মাইশুরুর এক সভায় যোগ দেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। সেখান ছেকে চড়া সুরে বলেন, ‘কংগ্রেস সরকারকে ক্ষমতা থেকে সরাতে মারাত্মক ছক কষছে বিজেপি। ৫০ জন কংগ্রেস বিধায়ককে ৫০ কোটি টাকা করে অফার করেছিল বিজেপি। আমাদের বিধায়করা রাজী না হওয়ায় আমার ভাবমূর্তি নষ্ট করতে চাইছে’।

তাঁর এই মন্তব্যের পরেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। উত্তাল জাতীয় রাজনীতিও। প্রাক্তন মুখ্যমন্ত্রী বোম্বাই, ইয়েদুরাপ্পাকে নিশানা করে সিদ্দার প্রশ্ন, ‘এত টাকা আসছে কোথা থেকে? এসব আসলে দুর্নীতির টাকা।’ তোপ দাগতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা আর অশোক এবং বিজেপির রাজ্য সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্রকেও।

প্রসঙ্গত, ২০২২ সালের বিধানসভা নির্বাচনে কর্নাটকে ক্ষমতায় ফিরেছিল কংগ্রেস। ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন সিদ্দারামাইয়া। তবে, একের পর এক দুর্নীতির অভিযোগে বিদ্ধ হয়েছেন তিনি। বিরোধীদের পাশাপাশি তাঁর মসনদে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে কংগ্রেসের অলিন্দেই।

গদিচ্যুত করতেই দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে, দাবি করেন সিদ্দা। পদ্ম শিবিরের পাল্টা দাবি, দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি পেতেই বিজেপির বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ করছেন তিনি। আর শাসক-বিরোধীর এই দাবি, পাল্টা দাবি ঘিরে সরগরম কন্নরভূম।

Related Articles