
The Truth of Bengal: ক্রমশ বেড়েই চলেছে পথ কুকুরের হামলার ঘটনা। তা নিয়েই এবার উদ্বিগ্ন কেরালা হাইকোর্ট। হাইকোর্টের পর্যবেক্ষণে উঠে এসেছে, পথ কুকুরের থেকে মানুষের জীবনকে দিতে হবে বেশি গুরুত্ব। সেই সঙ্গে যারা পথ কুকুর পালনে আগ্রহী, তাদের স্থানীয় প্রশাসনের তরফে লাইসেন্স প্রদানের নির্দেশ উচ্চ আদালতের। সম্প্রতি কেরালার কান্নুরের একটি ঘটনা বেশ সাড়া ফেলেছিল। জানা যায়, রাজীব কৃষ্ণান নামে এক ব্যাক্তি একটি জখম পথ কুকুরকে বাড়িতে নিয়ে গিয়ে লালন-পালন করেছিলেন।
অভিযোগ, আরও বেশ কয়েকটি পথ কুকুরের সেখানে উপস্থিতির কারণে তার বাড়ির আশেপাশের এলাকা দিয়ে যাতায়াত করতে বেশ সমস্যায় পড়তে হত। তারপরই স্থানীয় দুজন কেরালা হাইকোর্টে পিটিশন দাখিল করেন কৃষ্ণানের বিরুদ্ধে। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল। মামলার পর্যবেক্ষণে কেরালা হাইকোর্ট পথ কুকুরের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে মানুষের জীবনকে। কুকুরপ্রেমীদের উদ্দেশে বিচারপতি জানান, যাঁরা পথ কুকুরকে দেখভাল করতে প্রস্তুত, তাঁদের স্থানীয় প্রশাসনের তরফে লাইসেন্স প্রদানের কথাও বলা হয়েছে।
এই লাইসেন্স ইস্যু হওয়ার সঙ্গে সঙ্গে ২০২৩ সালে পথ কুকুরদের নিয়ে কেন্দ্রীয় সরকারের আইন মেনে চলার উপরও জোড় দিয়েছেন তিনি। প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে কেরালায় পথ কুকুরের হামলার ঘটনার পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ২০১৯ সালে পাঁচ হাজারের বেশি পথ কুকুরের হামলার ঘটনা ঘটেছিল। ২০২০ সালে হামলার ঘটনার সংখ্যা ছিল ৩ হাজার ৯৫১। ২০২১ সালে সেই পরিসংখ্যান বৃদ্ধি পেয়ে হয়েছিল ৭ হাজার ৯২৭। ২০২২-এ ১১ হাজার ৭৭৬ এবং ২০২৩-এ ৬ হাজার ২৭৬।





