গণেশ বিসর্জনে দুর্ঘটনা! মৃত অন্তত ৪
চার জনের মধ্যে দু’জনের দেহ উদ্ধার হয়েছে, বাকিদের খোঁজ চলছে।
Truth Of Bengal: আনন্দের মুহূর্ত বদলে গেল বিষাদে। মুম্বইয়ে গণেশ পুজোর বিসর্জনে মর্মান্তিক দুর্ঘটনা। মহারাষ্ট্রে গণেশ উৎসবের শেষ দিনে বিসর্জনের সময় বিভিন্ন জায়গায় জলে ডুবে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ প্রায় ১৩ জন। রবিবার পুলিশ সূত্রে এই তথ্য জানানো হয়েছে। তাতেই সামনে এসেছে গণেশ বিসর্জনের সময় ভামা নদীতে ওয়াকি খুর্দে দুই ব্যক্তি ভেসে যান। শেল পিম্পলগাঁওয়ে আরেকজন ভেসে যান। পাশাপাশি গ্রামীণ পুনের বিরওয়াদিতে এক ব্যক্তি জলে ডুবে মৃত্যু হয়। চার জনের মধ্যে দু’জনের দেহ উদ্ধার হয়েছে, বাকিদের খোঁজ চলছে।
একই চিত্র দেখা গিয়েছে নানদেদ জেলায়। সেখানে গাড়েগাঁওয়ে তিন ব্যক্তি নদীতে ভেসে যান। এক জনকে উদ্ধার করা হলেও দুইজন নিখোঁজ রয়েছেন। নাসিক জেলাতেও চার জন একই ধরনের দুর্ঘটনায় পড়েন। সিন্নারে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে, বাকিদের খোঁজ চলছে। রাজ্যের বিভিন্ন অংশে লাগাতার বৃষ্টির কারণে নদী, জলাধার এবং অন্যান্য জলাশয়ে জলস্তর বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে এবং নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চলছে।
অন্যদিকে, গণেশ মূর্তি বিসর্জনের শোভাযাত্রায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১জনের। রবিবার সকাল ১০টা ৪৫ নাগাদ ঘটনাটি ঘটে মুম্বইয়ের সাকিনাকা এলাকার খৈরানি রোডে। দুর্ঘটনায় গুরুতর আহত আরও পাঁচজন। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে হাসপাতালে। বানিজ্য নগরী মুম্বই-মহারাষ্ট্রে ধুমধাম করে পালিত হয় গণেশ চতুর্থী। ভক্তদের ভিড় উপচে পড়ে উৎসবের সময়ে। তবে এবার সেই উৎসবের মাঝেই ঘটছে একের পর এক বিপত্তি।






