সীমিত পরিসরে চালু দুবাই- আবুধাবি বিমান পরিষেবা, কলকাতা থেকে বাতিল ১০টি উড়ান
পশ্চিম এশিয়ার অচলাবস্থা পুরোপুরি কাটেনি। রয়েছে উত্তেজনাও
Truth Of Bengal: পশ্চিম এশিয়ার অচলাবস্থা পুরোপুরি কাটেনি। রয়েছে উত্তেজনাও। এর মধ্যেই প্রায় তিন দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে ফের চালু হল সংযুক্ত আরব আমিরশাহির দুবাই ও আবুধাবির বিমান পরিষেবা। তবে পরিস্থিতি এখনও অনিশ্চিত থাকায় স্বল্প সংখ্যক উড়ান ওঠানামা করছে। সোমবার গভীর রাতে আবুধাবি থেকে একটি বিমান এসে পৌঁছয় নয়াদিল্লিতে। ৩১০ জন ভারতীয় সোমবার রাতে নিরাপদে দেশে ফেরেন।
তবে কলকাতা বিমানবন্দর থেকে মঙ্গলবারও পশ্চিম এশিয়াগামী মোট ১০টি উড়ান বাতিল করা হয়েছে – যার মধ্যে পাঁচটি যাওয়ার এবং পাঁচটি ফেরার। সোমবার দমদম বিমানবন্দর থেকে মোট ২০টি উড়ান বাতিল হয়েছিল। মঙ্গলবার বাতিল উড়ানের তালিকায় রয়েছে এমিরেট্সের দুবাইগামী দু’টি এবং সেখান থেকে ফেরার দু’টি বিমান। কাতার এয়ারওয়েজের দোহাগামী ও দোহা থেকে আসার একটি করে উড়ানও বাতিল হয়েছে। এছাড়া আবুধাবি যাতায়াতের চারটি উড়ান বাতিল রয়েছে – এর মধ্যে এতিহাদ এয়ারওয়েজ ও এয়ার আরাবিয়ার একটি করে জোড়া উড়ান রয়েছে।
Emirates flight departs Dubai for Bengaluru (India) as operations partially resume.
Dubai Airports says limited flights are operating from Dubai International Airport (DXB) and Dubai World Central – Al Maktoum International (DWC).
Passengers advised to travel only if confirmed… pic.twitter.com/kK4Cvf8amn
— Sudarshan_World (@Sudarshan_World) March 2, 2026
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর-সহ পশ্চিম এশিয়ার একাধিক বিমানবন্দর আন্তর্জাতিক বিমান পরিবহনের গুরুত্বপূর্ণ ‘হাব’। ভারত থেকে ইউরোপ বা আমেরিকায় যেতে গেলে বহু ক্ষেত্রেই এই রুট ব্যবহার করা হয়। ফলে বিমানবন্দর বন্ধ থাকায় ভারত-সহ একাধিক দেশের যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। সংবাদসংস্থা সূত্রে খবর, বিভিন্ন দেশের অনুরোধে সোমবার গভীর রাতে সীমিত পরিষেবা চালু করা হয়। ইতিমধ্যেই আবু ধাবি থেকে লন্ডনের হিথরো, মস্কো, প্যারিস, কায়রো ও করাচির উদ্দেশে উড়ান ছেড়েছে। তবে কোন উড়ান কখন চলবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। মাঝআকাশ থেকে একাধিক বিমানকে ঘুরে আসতেও হয়েছে। দিল্লি, বেঙ্গালুরু ও চেন্নাই থেকে দুবাইগামী কয়েকটি উড়ান পরিস্থিতি প্রতিকূল হওয়ায় ফিরে আসে। যদিও মুম্বই থেকে একটি উড়ান দুবাইয়ে অবতরণ করতে পেরেছে।
মঙ্গলবার পর্যন্ত দিল্লি বিমানবন্দর থেকে মোট ৮০টি আন্তর্জাতিক উড়ান বাতিল হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে পশ্চিম এশিয়ার বেশ কিছু উড়ান রয়েছে। এই পরিস্থিতিতে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে বিশেষ পরিষেবা চালু করেছে ভারতীয় উড়ান সংস্থাগুলি। ইন্ডিগো মঙ্গলবার জেড্ডা থেকে ১০টি বিশেষ উড়ান চালাবে। স্পাইসজেট ফুজাইরা থেকে চারটি বিশেষ উড়ান পরিচালনা করবে বলে জানিয়েছে সংস্থা। যাত্রীদের নিরাপত্তা ও পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিমান সংস্থাগুলির তরফে জানানো হয়েছে।






