চাঁদ অভিযানে সাময়িক বিরতি! যান্ত্রিক ত্রুটির জেরে লঞ্চপ্যাড ছাড়ছে নাসার আর্টেমিস-২
পুরো প্রক্রিয়ায় সময় লাগতে পারে প্রায় ১২ ঘণ্টা
Truth of Bengal: চাঁদ অভিযানের প্রস্তুতিতে আপাতত বিরতি। প্রযুক্তিগত ত্রুটি মেরামতের জন্য আজ লঞ্চপ্যাড থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নাসার আর্টেমিস–২ রকেট। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, বুধবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স ৩৯বি থেকে রকেটটি সরানো শুরু হবে। বিশেষ ক্রলার-ট্রান্সপোর্টারের সাহায্যে প্রায় ৬.৪ কিলোমিটার পথ অতিক্রম করে সেটিকে নিয়ে যাওয়া হবে ভেহিকল অ্যাসেম্বলি বিল্ডিংয়ে। পুরো প্রক্রিয়ায় সময় লাগতে পারে প্রায় ১২ ঘণ্টা।
সম্প্রতি পরীক্ষামূলক কার্যক্রমের সময় হিলিয়াম প্রবাহে একটি ত্রুটি ধরা পড়ে। সেই কারণেই নিয়ন্ত্রিত পরিবেশে রকেটটি খুঁটিয়ে পরীক্ষা ও মেরামতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাসেম্বলি ভবনে পৌঁছনোর পর সংশ্লিষ্ট অংশে বিশেষ মঞ্চ বসিয়ে ইঞ্জিনিয়াররা কাজ শুরু করবেন। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ফ্লাইট টার্মিনেশন সিস্টেমের ব্যাটারিও বদলানো হবে। উপরিস্তরের অতিরিক্ত ব্যাটারিগুলিও নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে প্রতিস্থাপন করা হবে। আর্টেমিস কর্মসূচির অধীনে এটি নাসার প্রথম মানবসহ চাঁদ অভিযান হওয়ার কথা।
চার নভোচারীকে চাঁদের কক্ষপথে পাঠানোর পরিকল্পনা ছিল আগামী ৬ মার্চ। তবে প্রযুক্তিগত সমস্যার জেরে মার্চের উৎক্ষেপণ বাতিল করা হয়েছে। নতুন করে এপ্রিল মাসে উৎক্ষেপণের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। নাসা জানিয়েছে, সময়সূচিতে সামান্য পরিবর্তন হলেও নিরাপত্তা ও প্রযুক্তিগত নির্ভরযোগ্যতাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।






