Army Modernization: ভারতীয় সেনার পদাতিক ব্যাটালিয়নের কাঠামো বদল, যুক্ত হচ্ছে কমান্ডো ও ড্রোন
অপারেশন সিঁদুরের পর পাকিস্তান ও চীনের সীমান্তকে আরও নিশ্ছিদ্র করতে প্রাথমিকভাবে পাঁচটি ভৈরব কমান্ডো ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে, প্রতিটিতে থাকবেন ২৫০ জন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সেনা।
Truth of Bengal: সীমান্তে শত্রুর আক্রমণ ঠেকানো ও দ্রুত প্রতিহত করার দক্ষতা বাড়াতে ভারতীয় সেনা এবার রণকৌশল পরিবর্তন করছে। প্রথম ধাপ হিসেবে পাল্টানো হচ্ছে পদাতিক ব্যাটালিয়নগুলির কাঠামো। বাহিনীর গঠন পরিবর্তনের পাশাপাশি অস্ত্র ও সামরিক সরঞ্জামেও এসেছে আধুনিকীকরণ। সেনা সূত্রের খবর, আগামী কয়েক মাসে ৩৮২টি পদাতিক ব্যাটালিয়নের সঙ্গে যুক্ত করা হবে ভৈরব কমান্ডো বাহিনী এবং ‘অশ্বিনী’ ড্রোন প্লাটুনের একটি করে ইউনিট।
অপারেশন সিঁদুরের পর পাকিস্তান ও চীনের সীমান্তকে আরও নিশ্ছিদ্র করতে প্রাথমিকভাবে পাঁচটি ভৈরব কমান্ডো ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে, প্রতিটিতে থাকবেন ২৫০ জন বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সেনা। পদাতিক, সিগন্যাল এবং আকাশ প্রতিরক্ষা ব্যাটালিয়নগুলির অফিসার ও জওয়ানরা নতুন কমান্ডো ব্যাটালিয়নে যুক্ত হচ্ছেন। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় মোতায়েন সেনা ব্যাটালিয়নের সঙ্গে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ‘ঘাতক’ বাহিনীকে মিলিয়ে ইতিমধ্যেই পাকিস্তানি ফৌজের মোকাবিলায় সাফল্য এসেছে।
এই লক্ষ্যকে সামনে রেখে পদাতিক বাহিনীর অস্ত্রভান্ডার সম্প্রসারিত হচ্ছে; অ্যাসল্ট রাইফেল, হালকা মেশিনগান ও মর্টারের পাশাপাশি যোগ হচ্ছে রকেট লঞ্চার, ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ভারী মেশিনগান। পুরনো রেডিওর পরিবর্তে আধুনিক সফটওয়্যার সম্বলিত যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করা হবে। সীমান্তে নজরদারি, হামলা প্রতিরোধ ও পাল্টা হামলার দক্ষতা বৃদ্ধির জন্য প্রতিটি ব্যাটালিয়নের সঙ্গে থাকবে ‘অশ্বিনী’ ড্রোন প্লাটুন।






