Truth of Bengal: বলিউড তারকা আমির খান এবং তাঁর সঙ্গিনী গৌরী স্প্র্যাটকে ঘিরে ভক্তদের কৌতূহল ক্রমেই বাড়ছে। কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর শৈশবের বন্ধু গৌরীর সঙ্গে সম্পর্কে জড়ান আমির। তারপর থেকে বিভিন্ন অনুষ্ঠান ও প্রকাশ্য জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যায়। সম্প্রতি একটি অনুষ্ঠানে গৌরীর হাতে এক বিশেষ আংটি নজরে আসতেই নতুন করে আলোচনা শুরু হয়েছে।
জানা গিয়েছে, আমির তাঁর প্রেমিকাকে যে আংটিটি উপহার দিয়েছেন, তা সাধারণ কোনও গয়না নয়। বিলাসবহুল ব্র্যান্ডের তৈরি এই আংটি এখনও বাজারে আনুষ্ঠানিকভাবে প্রকাশই পায়নি। অর্থাৎ, প্রচুর অর্থ থাকলেও সাধারণ মানুষের পক্ষে এই আংটি কেনা সম্ভব নয়। বিশেষভাবে তৈরি এই আংটির দাম কয়েক কোটি টাকার কাছাকাছি বলে জানা যাচ্ছে। অনুষ্ঠানে গৌরীর আঙুলে সেই ঝলমলে আংটি দেখে অনেকেই বিস্মিত হন।
অন্যদিকে, সম্পত্তির দিক থেকেও আমির খান বলিউডের অন্যতম শীর্ষ তারকাদের মধ্যে রয়েছেন। তাঁর মোট সম্পদের পরিমাণ প্রায় ২০০০ কোটি টাকা বলে অনুমান করা হয়। এই তালিকায় তিনি প্রায় সমানতালে টক্কর দেন শাহরুখ খান এবং সলমন খানকে।
মুম্বইয়ের বান্দ্রায় তাঁর সমুদ্রমুখী বাড়িটি বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রায় পাঁচ হাজার বর্গফুটের এই দু’তলা বাড়ির একাংশে তিনি নিজের অফিসও তৈরি করেছেন। এই সম্পত্তির মূল্য আনুমানিক ৬০ কোটি টাকা। পাশাপাশি মহারাষ্ট্রের পঞ্চগনি এলাকায় তাঁর একটি বাগানবাড়ি রয়েছে, যেখানে শহরের ব্যস্ততা থেকে দূরে সময় কাটাতে পছন্দ করেন তিনি। প্রায় দু’একর জমির উপর তৈরি এই বাড়িটি তিনি প্রায় সাত কোটি টাকায় কিনেছিলেন।
এছাড়াও বিদেশে বিনিয়োগ হিসেবে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের অঞ্চলে আমিরের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে, যার মূল্য প্রায় ৭৫ কোটি টাকা। এই সব সম্পত্তির তালিকার মাঝেই এবার নতুন সংযোজন হল গৌরী স্প্র্যাটের জন্য দেওয়া সেই বিরল ও দামি আংটি, যা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।






