বিনোদন

3 Idiots Sequel: ১৫ বছর পর সিক্যুয়াল নিয়ে ফিরছেন হিরানি, আগামী বছরই শুরু ছবির শ্যুটিং

তবে এবার আর তিন বন্ধু নয়, গল্পের পটভূমি বদলে গিয়ে ছবিতে যোগ হতে পারে চতুর্থ এক বন্ধু।

Truth of Bengal: বলিউডপ্রেমীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় দেড় দশক পর বড় পর্দায় ফিরছে কালজয়ী সিনেমা ‘থ্রি ইডিয়টস’। তবে এবার আর তিন বন্ধু নয়, গল্পের পটভূমি বদলে গিয়ে ছবিতে যোগ হতে পারে চতুর্থ এক বন্ধু। প্রযোজনা সংস্থা এবং পরিচালক রাজকুমার হিরানি আগেই সিক্যুয়ালের খবর নিশ্চিত করেছিলেন। এবার জানা যাচ্ছে, ছবির সম্ভাব্য নাম রাখা হয়েছে ‘ফোর ইডিয়টস’।

সূত্র মারফত জানা গেছে, ছবির চিত্রনাট্য লেখার কাজ বর্তমানে অন্তিম পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের মাঝামাঝি সময়েই শুটিং ফ্লোরে গড়াবে এই সিনেমা। তবে ছবির নাম পরিবর্তনের পেছনে মূল কারণ হল চিত্রনাট্যের এক বড়সড় চমক। জানা যাচ্ছে, পুরনো তিন বন্ধুর জীবনের সঙ্গে এবার যুক্ত হবে নতুন এক চরিত্র, যা গল্পের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। তবে সেই রহস্যময় চতুর্থ ‘ইডিয়ট’ হিসেবে বলিউডের কোন অভিনেতাকে দেখা যাবে, তা নিয়ে এখনো কড়া গোপনীয়তা বজায় রাখছেন নির্মাতারা।

২০০৯ সালে মুক্তি পাওয়া এই ছবি আজও সব বয়সের দর্শকদের কাছে সমান জনপ্রিয়। ইঞ্জিনিয়ারিং কলেজের সেই র‍্যাঞ্চো, ফারহান আর রাজুর বন্ধুত্ব আজও সিনেপ্রেমীদের মনে টাটকা। সিক্যুয়াল ঘোষণার পর থেকেই তাই উত্তেজনার পারদ চড়ছে। নতুন চরিত্রে কে আসছেন, তা নিয়ে বলিপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। রাজকুমার হিরানি অবশ্য আগেভাগে কোনো চমক ফাঁস করতে নারাজ, তবে দর্শক যে বড়সড় কিছু পেতে চলেছেন তার ইঙ্গিত ইতিমধ্যেই পাওয়া গেছে।

Related Articles