সুন্দরবনের স্কুলের প্রাক্তনীদের ভাবনায় নয়া উদ্যোগ স্মার্ট ক্লাস
Smart Class is a new initiative by former students of Sundarbans schools

The Truth Of Bengal : যখন আমরা ‘ক্লাসরুম’ শব্দটি শুনি, তখন প্রথমেই আমরা শিক্ষক, ব্ল্যাকবোর্ড, চক এবং ডাস্টার সম্পর্কে চিন্তা করি। কিন্তু আজ, প্রযুক্তি আমাদের শ্রেণীকক্ষের কল্পনাকে ছাড়িয়ে গেছে। একটি ডিজিটাল স্মার্ট ক্লাসরুম উন্নত শিক্ষণ এবং শেখার অভিজ্ঞতা প্রদান করে। আমরা শিক্ষার্থীদের অডিও-ভিজ্যুয়াল এক্সপোজার প্রদান করে স্মার্ট ক্লাস এর মাধ্যমে পাঠকে জীবন্ত করে তোলার চেষ্টা করি। এবার প্রাক্তন পড়ুয়াদের উদ্যোগে স্মার্ট ক্লাস পেল সুন্দরবনের প্রত্যন্ত এলাকার সাহেবখালি নিত্যানন্দ হাই স্কুল। শুক্রবার এই স্মার্ট ক্লাসের উদ্বোধন হয়। হিঙ্গলগঞ্জের এই স্কুল এক সময় বিজ্ঞান শিক্ষার জন্য পরিচিত ছিল। বহু দূর থেকে পড়ুয়ারা এই স্কুলে বিজ্ঞান পড়তে আসত। বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় একাধিকবার এই স্কুল পরিদর্শনে এসেছিলেন। কিন্তু বর্তমানে শিক্ষকের অভাবে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান শাখাই বন্ধ হয়ে গিয়েছে। সামগ্রিক ভাবে এখন বেহাল অবস্থায় পড়ে আছে স্কুল।
এই পরিস্থিতিতেই এগিয়ে আসেন প্রাক্তন কিছু পড়ুয়া।স্কুলের পড়ুয়াদের কাছে বিজ্ঞান শিক্ষা আকর্ষণীয় করে তুলতে একটি ঘরে স্মার্ট ক্লাস তৈরি করার ভাবনা এনেছে এই প্রাক্তন পড়ুয়ারা। প্রাক্তন পড়ুয়াদের তরফে অনাথ মৃধা বলেন, “শুধু এই স্কুল নয়, হিঙ্গলগঞ্জের অন্য স্কুলের দুঃস্থ, মেধাবী পড়ুয়াদের পাশে কী ভাবে থাকা যায়, তাও ভাবছি আমরা। সেই সঙ্গে আমাদের মতো করে চেষ্টা করছি, এই এলাকার পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে।” সময় বাঁচাতে এই স্মার্ট ক্লাস চালু করে স্কুলের প্রাক্তনীরা। শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ তৈরি করতে এবং একঘেয়েমি এড়াতে সাহায্য করবে এই স্মার্ট ক্লাস। এই প্রযুক্তি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের কল্পনার বাইরে চিন্তা করতে উৎসাহিত করে।






