নিরিবিলি নির্জন কাটাতে মনের মানুষেকে নিয়ে ঘুরে আসুন তুকভারে
Come and visit Tukvar with your loved ones to spend a quiet and secluded time

The Truth of Bengal : এই গরমে সকলেই চাইছেন পাহাড়ে যেতে। কিন্তু পাহাড় মানেই দার্জিলিং বা কালিম্পংকেই বোঝেন ভ্রমনপিপাসুরা। এর বাইরেও যে আরও অনেক অফবিট ডেস্টিনেশন আছে তা হয়তো অনেকে জানেনই না। দার্জিলিঙের খুব কাছেই রয়েছে তুকভার। নামটা শুনে অদ্ভুত লাগলেও জায়গাটা কিন্তু বেশ মনোরম। চারিদিক চা বাগানে ঢাকা এই পাহাড়ি গ্রামে একবার গেলে আপনার বাড়ি ফিরে আসতে মন চাইবেনা। এই গ্রামের যে দিকেই তাকাবেন সেদিকেই দেখতে পাবেন শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। দার্জিলিং থেকে ৬ কিমি দূরেই রয়েছে তুকভার। একদম কম জনসংখ্যা নিয়ে গঠিত এই গ্রামে গেলে আপনি নিরিবিলি শান্ত পরিবেশ পেয়ে যাবেন।
এই গ্রামে যে গুটি কয়েক বাড়ি আছে সেখানেই হোমস্টের ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে পায়ে হেঁটেও দেখতে পারবেন এই গ্রাম ঘুরে। ভাবুনতো হোমস্টের বারান্দায় বসে চায়ে চুমুক দিতে দিতে আপনি দূরের কাঞ্চনজঙ্ঘা দেখছেন! উফ! শুনেই স্বপ্ন দেখতে শুরু করলেনতো? গরমে পশ্চিমবঙ্গের অবস্থা সত্যি খারাপ। এই গরমের দহনজ্বালা অনেকেই পারছেন না সহ্য করতে। তাই এই সময় ঘুরতে যাওয়ার সেরা ঠিকানা পাহাড় ছাড়া আর কিছু হতে পারেনা। তুকভার থেকে আপনি পৌঁছে যেতে পারেন জামুনি পার্ক। আনুরাগ বাসুর বড়ফি সিনেমার শ্যুটিং হয়েছে এখানে। এই পার্কের মধ্যেই দেখতে পাবেন একটি বড় লেক ও শিবমন্দির। এখানে বোটিংও করতে পারবেন আপনি। রয়েছে একটি ঝুলন্ত ব্রিজও। জামুনি ব্রিজের নীচ দিয়ে কুলুকুলু ধ্বনি রবে বয়ে চলেছে জামুনি নদী। এই ব্রিজেই নাকি শ্যুটিং হয়েছে বড়ফি সিনেমার। ভাবছেন কিভাবে যাবেন? ট্রেনে করে আপনাকে পৌঁছে যেতে হবে দার্জিলিং আর সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে হবে তুকভার।






