
The Truth of Bengal: বুধবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে বার্সেলোনার বিপক্ষে খেলবে নাপোলি। গুরুত্বপূর্ণ সেই ম্যাচের দুই দিন আগে কোচ পাল্টেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। সিরি ‘আ’তে বাজে সময় কাটানো দলটি গত সোমবার রাতে বরখাস্ত করেছে কোচ ওয়াল্টার মাজ্জারিকে। নতুন কোচও নিয়োগ করেছে নাপোলি। নতুন কোচের নাম ফ্রান্সেসকো কালজোনা।
স্লোভাকিয়ার জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করা এই ইতালিয়ান এর আগে কখনোই সিরি ‘আ’র কোনো ক্লাবে মূল কোচ হিসেবে কাজ করেননি। মাজ্জারি এ মরশুমে নাপোলি থেকে বরখাস্ত হওয়া দ্বিতীয় কোচ। গত নভেম্বরে ডিয়েগো ম্যারাডোনার প্রাক্তন ক্লাব রুডি গার্সিয়াকে বরখাস্ত করার পর কোচের দায়িত্ব পেয়েছিলেন মাজ্জারি। এক মরশুমে দুই কোচকে বরখাস্ত করে রেকর্ডও গড়েছে নাপোলি। সিরি ‘আ’ চ্যাম্পিয়ন হওয়ার ঠিক পরের মরশুমে কোনো ক্লাব এর আগে দুবার কোচ পাল্টায়নি।
নতুন কোচ কালজোনার সঙ্গে মরশুমের শেষ পর্যন্ত চুক্তি করেছে নাপোলি। এ সময়ে স্লোভাকিয়ার কোচ হিসেবেও দায়িত্ব পালন করে যাবেন কালজোনা। কালজোনার কোচিংয়েই ২০২৪ ইউরোর চূড়ান্ত পর্বে উঠেছে স্লোভাকিয়া। নাপোলি অবশ্য এবারই প্রথম নয় কালজোনার জন্য। ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত মরিসিও সারির সহকারী কোচ ছিলেন তিনি। ২০২২ সালে স্লোভাকিয়ার কোচ হয়ে চলে যাওয়ার আগে লুসিয়াসো স্পালেত্তির নাপোলির কোচিং দলেও দুই বছর কাজ করেছেন কালজোনা।






