
The Truth of Bengal: ছন্দে থাকলে যে কোনো প্রতিপক্ষের রক্ষণের দেয়াল ভাঙা কিলিয়ান এমবাপ্পের জন্য ছোট্ট ব্যাপার। রাঁসের বিপক্ষে সেটাই আরেকবার করে দেখালেন ফরাসি এই তারকা। মৌসুমে নিজের প্রথম হ্যাটট্রিকে পিএসজিকে এনে দিলেন দারুণ এক জয়। লিগ ওয়ানের ম্যাচে শনিবার প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলে জিতেছে পিএসজি। লিগে এই নিয়ে টানা পাঁচটি ম্যাচ জিতল তারা। উঠে এলো শীর্ষে।
পিএসজিকে ম্যাচে তৃতীয় মিনিটেই কাছ থেকে নিচু ভলিতে এগিয়ে নেন এমবাপ্পে। প্রথমার্ধে এই গোলেই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় প্যারিসের দলটি। এমবাপ্পে ব্যবধান দ্বিগুণ করেন ৫৯তম মিনিটে। ৮২তম মিনিটে ডি-বক্সে প্রথম ছোঁয়ায় নেওয়া শটে হ্যাটট্রিক পূরণ করেন বিশ্বকাপ জয়ী ফরাসি ফরোয়ার্ড।
এবারের লিগ ওয়ানে ১১ ম্যাচে এমবাপ্পের গোল হলো সর্বোচ্চ ১৩টি। পুরো ম্যাচে দারুণ কয়েকটি সুযোগ পেলেও একবারও পিএসজি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মাকে পরাস্ত করতে পারেনি রাঁস। ১২ ম্যাচে ৮ জয় ও ৩ ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে নিস।
Free Access






