
The Truth of Bengal: কাউন্সিলর্স ক্লাবরুমে অযথা বহিরাগতদের প্রবেশাধিকার নিয়ে কড়াকড়ি নিয়ম কলকাতা পুরসভার(Kolkata Municipal Corporation)। এবার থেকে ক্লাব রুমে কাউন্সিলর, অনান্য জনপ্রতিনিধি, পুরঅফিসার ও অনান্য কর্মী ছাড়া বহিরাগত কেউ সাংবাদিক বৈঠক কিছুই করতে পারবেন না। প্রবেশের ক্ষেত্রে ই-গেট পাস করতে হবে। সেক্ষেত্রে কলকাতা পুরনিগমের হোয়াটসঅ্যাপ নম্বরে কারণ জানিয়ে আবেদন করতে হবে।
ই পাসের জন্য ৮৩৩৫৯৯৯১১১ নম্বরে আবেদন করতে হবে। সেখানে ক্লাবরুমে সেই ব্যক্তি বা মহিলা কেন আসতে চাইছেন, যদি সাংবাদিক সম্মেলন করেন তাহলে কতজন আসবেন তা নির্দিষ্ট করে জানাতে হবে। এরপর কলকাতা পুরসভার তরফ থেকে পাস হাতে পেলে তবেই কাউন্সিলর্স ক্লাব রুমে প্রবেশ করা যাবে।
অন্যদিকে, কেন্দ্রীয় বাহিনীর পুরসভায় প্রবেশাধিকার নিয়েও নিয়ম কড়া করা হয়েছে। গত সোমবার পুর কমিশনার বিনোদ কুমার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, কোনও কেন্দ্রীয় বাহিনী পুরনিগমের অন্দরে প্রবেশ করতে পারবে না, তাঁদেরকে বাইরে অপেক্ষা করতে হবে। প্রসঙ্গত, গত ১৯ অগাস্ট বিজেপি কাউন্সিলররা কেন্দ্রীয় বাহিনীদের নিয়ে তুমুল বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল কাউন্সিলর্স ক্লাবরুমে। সাংবাদিক বৈঠকের সময়ই এই ঘটনা ঘটে। নজিরবিহীন এই ঘটনার জন্যই ক্লাবরুমে প্রবেশ নিয়ে কড়াকড়ি হল কলকাতা পুরসভা।






