কলকাতা

‘দলের প্রতীকে জিতলে দলই ঠিক করবে বিরোধী দলনেতা’, হাইকোর্টের রায়ের পর বিস্ফোরক কুণাল

কুণালের কথায়, এটাই আইনের মৌলিক নিয়ম। কিন্তু সেই নিয়ম মানা হয়নি

Truth of Bengal: বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতকে নির্বাচিত করার স্পিকারের সিদ্ধান্ত খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে বাতিল করা হয়েছে চিফ হুইপ নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্তও। শুক্রবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ ৩ জুন স্পিকারের নেওয়া সিদ্ধান্ত বাতিল করে আগামী ১০ দিনের মধ্যে নতুন করে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে। আদালতের এই রায়ে রাজনৈতিকভাবে বাড়তি অক্সিজেন পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল শিবির।

হাইকোর্টের রায়ের পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে কোনও বিধায়ক ব্যক্তিগতভাবে কোন দিকে ঝুঁকছেন, তা বিবেচ্য বিষয় হতে পারে না। যে রাজনৈতিক দলের প্রতীক নিয়ে কোনও বিধায়ক নির্বাচিত হয়েছেন, সেই দল যাঁকে মনোনীত করবে, তিনিই বিরোধী দলনেতা হবেন। কুণালের কথায়, এটাই আইনের মৌলিক নিয়ম। কিন্তু সেই নিয়ম মানা হয়নি। বিজেপির বিরুদ্ধে দল ভাঙানোর রাজনীতি করার অভিযোগও তোলেন তিনি। পাশাপাশি স্পিকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূলের এই নেতা। তাঁর অভিযোগ, বিধানসভার অধ্যক্ষের পদকে ব্যবহার করে বারবার ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুণালের আশা, আদালতের রায় থেকে শিক্ষা নিয়ে স্পিকার এবার আইন মেনে নতুন সিদ্ধান্ত নেবেন।

এখানেই শেষ নয়, বিধানসভায় বর্ষীয়ান তৃণমূল নেতাদের প্রতি আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন কুণাল। তাঁর দাবি, কিছুক্ষণ আগেও শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিমান বন্দ্যোপাধ্যায়ের মতো প্রবীণ নেতাদের বাইরে বসে থাকতে হয়েছে। তাঁদের বসার জন্য একটি ঘর পর্যন্ত দেওয়া হয়নি। এই প্রসঙ্গ তুলে কুণালের কটাক্ষ, এত পাপ সহ্য হবে তো? উল্লেখ্য, বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে বিতর্কের সূত্রপাত স্পিকারের সিদ্ধান্ত ঘিরেই। শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদনের ভিত্তিতে প্রথমে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে মামলা হয়। তবে সেই সময় স্পিকারের সিদ্ধান্তের উপর কোনও স্থগিতাদেশ দেওয়া হয়নি। পরে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন শোভনদেব। গত ১৮ অগস্ট ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, আপাতত বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন ঋতব্রতই। তবে একই সঙ্গে সিঙ্গল বেঞ্চকে দু’মাসের মধ্যে মামলার নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়।

Related Articles