কলকাতা

সেচ দফতরে বড়সড় প্রশাসনিক রদবদল, একসঙ্গে ১৬ জন চিফ ইঞ্জিনিয়ার নিয়োগ নবান্নের

এই মর্মে দফতরের তরফে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে

জ্যোতির্ময় দত্ত, কলকাতা: রাজ্যের সেচ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ করল নবান্ন। দীর্ঘদিন ধরে সেচ ও জলপথ দফতরে মুখ্য বাস্তুকারের একাধিক পদ শূন্য পড়ে থাকার পর অবশেষে ১৬ জন আধিকারিককে চিফ ইঞ্জিনিয়ার বা মুখ্য বাস্তুকার-ইন-চার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হল। এই মর্মে দফতরের তরফে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। প্রশাসনিক মহলের মতে, এই সিদ্ধান্তের ফলে রাজ্যের বন্যা নিয়ন্ত্রণ, নদীবাঁধ রক্ষণাবেক্ষণ, খাল সংস্কার এবং কৃষিকাজে সেচের জল পৌঁছে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিতে কাজের গতি বাড়তে পারে। প্রশাসনিক সূত্রে খবর, সেচ ও জলপথ দফতরে আগে মুখ্য বাস্তুকারের অনুমোদিত পদের সংখ্যা ছিল ১০। পরবর্তী সময়ে ২০২৩ সালের ৩১ অগস্ট অর্থ দফতর আরও আটটি পদ তৈরির অনুমোদন দেয়। ফলে সব মিলিয়ে মুখ্য বাস্তুকারের অনুমোদিত পদসংখ্যা বেড়ে দাঁড়ায় ১৮। এর মধ্যে ১৬টি পদ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য এবং বাকি দু’টি মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল বিভাগের জন্য নির্দিষ্ট করা হয়েছিল। কিন্তু প্রশাসনিক অনুমোদন থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে অধিকাংশ পদে নিয়োগ হয়নি।

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে, ১৮টি অনুমোদিত পদের মধ্যে ১৪টিই দীর্ঘদিন শূন্য ছিল বলে দফতর সূত্রে জানা গিয়েছে। মাত্র দু’জন মুখ্য বাস্তুকারকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে রাজ্যের বিস্তীর্ণ এলাকার কাজ পরিচালনা করতে হচ্ছিল। স্বাভাবিকভাবেই এত বড় একটি দফতরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের তদারকি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্যার আশঙ্কা তৈরি হয়েছিল। বিশেষ করে উত্তরবঙ্গের বন্যাপ্রবণ এলাকা থেকে দক্ষিণবঙ্গের নদীবাঁধ ও সেচ প্রকল্প—সর্বত্রই পর্যাপ্ত উচ্চপদস্থ ইঞ্জিনিয়ারিং আধিকারিকের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে অনুভূত হচ্ছিল। বর্ষার সময় নদীর জলস্তর বৃদ্ধি, বাঁধের দুর্বল অংশ মেরামতি, জলনিকাশি ব্যবস্থা সচল রাখা এবং কৃষিজমিতে প্রয়োজনীয় সেচের জল পৌঁছে দেওয়ার মতো কাজের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার সেই প্রশাসনিক ঘাটতি পূরণেই উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ার পদমর্যাদার ১৬ জন আধিকারিককে চিফ ইঞ্জিনিয়ার-ইন-চার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর ফলে দফতরের বিভিন্ন বিভাগ ও জোনে কাজের দায়িত্ব আরও সুসংগঠিতভাবে বণ্টন করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।

নবান্ন সূত্রের খবর, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেচ দফতরের সাংগঠনিক পরিকাঠামো এবং দীর্ঘদিনের শূন্যপদ পূরণের বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেচমন্ত্রী অরূপ কুমার দাসের উদ্যোগে আটকে থাকা নিয়োগ ও দায়িত্ব বণ্টনের প্রক্রিয়ায় তৎপরতা বাড়ে। শেষ পর্যন্ত ১৬ জন আধিকারিককে নতুন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হল। প্রশাসনিক মহলের একাংশের মতে, শুধু নিয়োগ বা পদ পূরণই নয়, এর মাধ্যমে সেচ দফতরের কাজের জবাবদিহি এবং প্রকল্পের নজরদারিও বাড়ানোর সুযোগ তৈরি হল। বিশেষ করে আগামী বর্ষার আগে নদীবাঁধের দুর্বল অংশ চিহ্নিত করা, প্রয়োজনীয় মেরামতি, পুরনো খালগুলির সংস্কার এবং বন্যা মোকাবিলার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হতে পারে। রাজ্যের কৃষি অর্থনীতির সঙ্গে সেচ ব্যবস্থা সরাসরি যুক্ত। সময়মতো জল না পৌঁছলে যেমন চাষের ক্ষতি হয়, তেমনই অতিবৃষ্টির সময় জল বের করার ব্যবস্থা দুর্বল হলে বিপাকে পড়েন কৃষকরা। তাই সেচ দফতরে পর্যাপ্ত উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার নিয়োগের এই সিদ্ধান্ত বাস্তবে কতটা দ্রুত প্রকল্পের কাজে প্রতিফলিত হয়, এখন সেদিকেই নজর থাকবে।

Related Articles