ভোটার তালিকায় তথ্যের গরমিল? সংশোধনে নতুন নিয়ম কমিশনের, বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন BLO
আগামী ১ জানুয়ারি ২০২৭-কে যোগ্যতার তারিখ ধরে যে SSR প্রক্রিয়া চলছে, তাতেই এই নতুন নিয়ম কার্যকর হবে
জ্যোতির্ময় দত্ত, কলকাতা: ভোটার তালিকায় নাম বা অন্যান্য তথ্যের ভুল থাকলে তা সংশোধনের ক্ষেত্রে এবার আরও সতর্ক ও নির্দিষ্ট পদ্ধতি অনুসরণের নির্দেশ দিল নির্বাচন কমিশন। ভোটার তালিকায় কোনও রকম ভুল, অসঙ্গতি কিংবা বিভ্রান্তিকর তথ্য যাতে থেকে না যায়, সেই লক্ষ্যেই স্পেশাল সামারি রিভিশন (SSR) প্রক্রিয়ায় নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। কমিশনের এই নির্দেশ ঘিরে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় নতুন গুরুত্ব পাচ্ছে তথ্য যাচাই ও প্রশাসনিক অনুমোদন। আগামী ১ জানুয়ারি ২০২৭-কে যোগ্যতার তারিখ ধরে যে SSR প্রক্রিয়া চলছে, তাতেই এই নতুন নিয়ম কার্যকর হবে। গত ২৫ নভেম্বর জারি করা নির্দেশিকায় নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকায় থাকা নাম, বাবা-মা বা অন্যান্য আত্মীয়ের নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর এবং ছবির মতো গুরুত্বপূর্ণ তথ্য খতিয়ে দেখা হবে। কোথাও কোনও অসঙ্গতি নজরে এলে তা সংশোধনের জন্য নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে।
কমিশন সূত্রে নির্দেশ, এসআইআর (SIR) চলাকালীন সংগৃহীত তথ্যের সঙ্গে বর্তমান ভোটার তালিকার তথ্য মিলিয়ে দেখা হবে। এই দুই তথ্যের মধ্যে কোনও পার্থক্য পাওয়া গেলে সংশ্লিষ্ট ভোটারের তথ্য সরাসরি পরিবর্তন করা যাবে না। প্রথমে বিষয়টি খতিয়ে দেখতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার (BLO) ভোটারের বাড়িতে গিয়ে সরেজমিনে তথ্য যাচাই করবেন। ভোটারের কাছ থেকে প্রয়োজনীয় নথি ও তথ্য সংগ্রহের পাশাপাশি সংশোধনের জন্য স্বাক্ষরিত ফর্ম-৮ নেওয়া হতে পারে। এরপর সংশ্লিষ্ট অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO) অথবা ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) সেই আবেদন পরীক্ষা করে নিয়ম মেনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ, শুধু তথ্যের গরমিল শনাক্ত হলেই ভোটার তালিকায় কোনও পরিবর্তন করা যাবে না। সংশ্লিষ্ট ভোটারের সম্মতি, স্বাক্ষরিত আবেদন এবং নির্ধারিত যাচাই প্রক্রিয়া সম্পন্ন হওয়া বাধ্যতামূলক।
নির্বাচন কমিশনের নির্দেশিকায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, স্বয়ংক্রিয় পদ্ধতিতে কোনও অসঙ্গতি ধরা পড়লেও তার ভিত্তিতে একতরফাভাবে ভোটারের তথ্য সংশোধন করা যাবে না। সংশ্লিষ্ট ভোটারের স্বাক্ষরিত ফর্ম-৮ এবং আধিকারিকদের প্রয়োজনীয় যাচাই ও অনুমোদন ছাড়া কোনও সংশোধন কার্যকর করা যাবে না। গোটা প্রক্রিয়াটি কমিশনের ECINet ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটার তালিকার নির্ভুলতা বজায় রাখা এবং তথ্য সংশোধনের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে SIR-এর সময় সংগৃহীত তথ্যের সঙ্গে বর্তমান ভোটার তালিকার তথ্যের পার্থক্য থাকলে, সংশ্লিষ্ট ভোটারের বক্তব্য ও আবেদনকে গুরুত্ব দেওয়ার বিষয়টি নতুন নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে। ফলে SSR প্রক্রিয়ায় তথ্যের ভুল সংশোধনের ক্ষেত্রে এবার থেকে আরও কড়া যাচাইয়ের মধ্য দিয়েই এগোতে হবে নির্বাচন কমিশনের আধিকারিকদের।






