রাজ্যের খবর

মাতৃমা বিভাগের খাবারে বিছে! হইচই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে, ৩ কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ

হাসপাতালের খাবারেই বিষাক্ত বিছে! রোগীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নের মুখে স্বাস্থ্য ব্যবস্থা, রিপোর্ট যাচ্ছে স্বাস্থ্য ভবনে!

Truth of Bengal: সরকারি হাসপাতালের খাবারে এবার বিষাক্ত বিছে মিলল বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। মাতৃমা বিভাগে চিকিৎসাধীন রোগীদের পাতে দেওয়া খাবারের মধ্যে বিছে দেখতে পাওয়ার পরই গোটা হাসপাতাল চত্বরে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযোগ সামনে আসতেই তৎপর হয় হাসপাতাল কর্তৃপক্ষ। দায়িত্বে থাকা তিন কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার পাশাপাশি গঠন করা হয়েছে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি।

জানা গিয়েছে, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের মাতৃমা বিভাগে দুপুরের খাবার সরবরাহের দায়িত্বে রয়েছে একটি নির্দিষ্ট সংস্থা। নিয়মমাফিক এদিন রোগীদের মধ্যে খাবার পরিবেশন করা হয়। অভিযোগ, খাবার পাওয়ার পরই ভাতের মধ্যে একটি বিষাক্ত বিছে দেখতে পান ভর্তি থাকা রোগীরা। মুহূর্তেই সেই খবর ছড়িয়ে পড়লে ওয়ার্ড ও হাসপাতাল জুড়ে হইচই শুরু হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন হাসপাতালের চিকিৎসক এবং প্রশাসনিক আধিকারিকরা। হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় রোগীদের খাবারে কীভাবে বিষাক্ত প্রাণী এল, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করে।

পরিস্থিতি সামাল দিতে এবং ঘটনার কারণ খতিয়ে দেখতে খাবার সরবরাহকারী সংস্থার কর্তৃপক্ষকে তলব করা হয়। পাশাপাশি দায়িত্বে থাকা তিন কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার চিকিৎসক সৌরদীপ রায় বলেন, “একটা ঘটনা সামনে এসেছে। তবে কেউ অসুস্থ হননি, সকলে সুস্থ আছেন। এই ঘটনায় তিনজনকে সাসপেন্ড করা হয়েছে। মেডিক্যাল কলেজের ডেপুটি সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপারদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই রিপোর্ট এলে স্বাস্থ্য ভবনে জানানো হবে।”

এদিকে, এই ঘটনায় রোগীদের খাদ্য নিরাপত্তা ও পরিষেবার মান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রোগীর আত্মীয়-পরিজনরা। ক্ষুব্ধ পরিজনদের প্রশ্ন, চিকিৎসা ও সুস্থতার আশায় হাসপাতালে এসে যদি এমন খাবার পরিবেশন করা হয়, তবে তাঁরা কীসের ওপর ভরসা রাখবেন? যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত কমিটির রিপোর্ট খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles