ফের পিছোল টুলু মণ্ডলের রক্ষাকবচ মামলার শুনানি, কেস ডায়েরি চাইল হাই কোর্ট
নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে গ্রেফতারির আশঙ্কা করছেন টুলু
Truth of Bengal: বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী মহম্মদ নাজিমুদ্দিন ওরফে টুলু মণ্ডলের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় ফের পিছিয়ে গেল শুনানি। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে মামলাটি উঠলেও এ দিন কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বরং রাজ্যের কাছে টুলুর বিরুদ্ধে থাকা সমস্ত মামলার কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়। আগামী ১ ডিসেম্বর, মঙ্গলবার ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত টুলু মণ্ডলকে রক্ষাকবচ দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে তাঁর বিরুদ্ধে কোনওরকম দমনমূলক পদক্ষেপ করতে পারবে না তদন্তকারী সংস্থাগুলি। তবে নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে গ্রেফতারির আশঙ্কা করছেন টুলু। সেই কারণেই রক্ষাকবচের মেয়াদ সংক্রান্ত বিষয়ে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। ৭ ডিসেম্বরের আগেই মামলাটির নিষ্পত্তি করতে চাইছে আদালত।
এর আগে গত সপ্তাহেও এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র সেদিন এজলাসে উপস্থিত থাকতে না পারায় শুনানি পিছিয়ে যায়। বৃহস্পতিবার ফের মামলাটি ওঠে আদালতে। এ বার রাজ্যের কাছে টুলুর বিরুদ্ধে তদন্তের যাবতীয় নথি ও কেস ডায়েরি চেয়ে পাঠান বিচারপতি। আগামী শুনানিতে সেই নথি খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ করতে পারে আদালত। এ দিকে দেশে ফেরার পর থেকেই একাধিক তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে টুলুকে। বীরভূমের মামলায় গত শুক্রবার সিউড়ি থানায় প্রায় ছ’ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর মঙ্গলবার ফের থানায় হাজিরা দেন তিনি। সেদিন প্রায় ন’ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। বুধবারও সিউড়ি থানায় প্রায় আড়াই ঘণ্টা ছিলেন এই পাথর ব্যবসায়ী।
শুধু বীরভূম পুলিশ নয়, টুলুকে নিয়ে তদন্ত চালাচ্ছে সিআইডিও। বিধাননগর পুলিশ কমিশনারেটের নারায়ণপুর থানা এলাকায় পাঁচ কোটি টাকা উদ্ধারের ঘটনায় তাঁকে সম্প্রতি তলব করা হয়েছিল। সেই সূত্রে ভবানী ভবনে হাজিরাও দেন তিনি। বুধবার ফের সিআইডির তরফে তাঁকে ডাকা হয়েছিল। কিন্তু বীরভূমের মামলায় থানায় হাজিরা দেওয়ার কারণ দেখিয়ে এ দিনের তলব এড়িয়ে যান টুলু। ফলে একদিকে আদালতে রক্ষাকবচের লড়াই, অন্যদিকে একাধিক তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদ—সব মিলিয়ে টুলু মণ্ডলকে ঘিরে আইনি চাপ ক্রমশ বাড়ছে।






