রাজ্যের খবর

“১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব”, বিস্ফোরক হুঙ্কার অর্জুন সিংয়ের

প্রতিবেশী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে অর্জুন সিং বলেন, “বাংলাদেশ নিয়ে নেব

Truth of Bengal: বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঘিরে উত্তেজনার মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। ভাটপাড়ায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁর দাবি, “বাংলাদেশ নিয়ে নেব।” শুধু তাই নয়, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের প্রসঙ্গ টেনেও মন্তব্য করেন তিনি। মন্ত্রীর এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় রাসপূর্ণিমা উপলক্ষে গঙ্গারতির আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্জুন সিং। তাঁর সঙ্গে ছিলেন বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচীও। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী। সেখানেই বাংলাদেশে চলতে থাকা অশান্তি এবং সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়।

প্রতিবেশী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে অর্জুন সিং বলেন, “বাংলাদেশ নিয়ে নেব। ১৬ ডিসেম্বর বাংলাদেশ দিবস আছে। তার মধ্যেই আমরা নিয়ে নেব।” তাঁর এই মন্তব্যের পরেই নতুন করে জল্পনা তৈরি হয়েছে। যদিও ঠিক কী অর্থে তিনি এই কথা বলেছেন, তা নিয়ে বিস্তারিত কোনও ব্যাখ্যা দেননি মন্ত্রী। উল্লেখ্য, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকেই সে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা টানাপড়েন চলছে। বিভিন্ন জায়গায় হিংসা, অগ্নিসংযোগ এবং সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার অভিযোগ সামনে এসেছে। আওয়ামি লিগের নেতা-কর্মীদের উপরও হামলা ও হত্যার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপ্রকৃতি নিয়ে জল্পনা অব্যাহত।

এরই মধ্যে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে দিল্লিতে থাকা মুজিবকন্যা ঢাকা ফেরার জন্য তারেক রহমানের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়ানের ব্যবস্থা চেয়েছেন বলে খবর সামনে এসেছে। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কড়া অবস্থান জানিয়েছে বাংলাদেশের বর্তমান সরকার। ঢাকা সূত্রে দাবি, দেশে ফিরতে হলে তাঁকে বন্দি অবস্থায় এবং হাতকড়া পরে ফিরতে হবে। ফলে ১৬ ডিসেম্বরকে ঘিরে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

Related Articles