কলকাতা

বাল্যবিবাহ রুখতে এবার পড়ুয়াদের হাতেই দায়িত্ব! রাজ্যের সব স্কুলে বিশেষ কর্মসূচি

রাজ্য সরকারের লক্ষ্য, ছোট বয়স থেকেই পড়ুয়াদের মধ্যে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা তৈরি করা

Truth of Bengal: বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াইয়ে এবার স্কুলপড়ুয়াদেরই হাতিয়ার করতে চলেছে রাজ্য সরকার। অল্প বয়সে বিয়ে নয়, পড়াশোনা ও স্বপ্নপূরণের পথেই এগিয়ে যাক কিশোর-কিশোরীরা। এই বার্তা ছড়িয়ে দিতে আগামী ২৭ নভেম্বর রাজ্যের প্রতিটি স্কুলে বিশেষ কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওই দিন বাল্যবিবাহ এবং জোর করে বিয়ে দেওয়ার বিরুদ্ধে একযোগে শপথ নেবে পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। সরকারি নির্দেশ অনুযায়ী, রাজ্যের সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত স্কুলে এই কর্মসূচি পালন করতে হবে। রাজ্য সরকারের লক্ষ্য, ছোট বয়স থেকেই পড়ুয়াদের মধ্যে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা তৈরি করা। শুধু নিজেরা এই সামাজিক ব্যাধি থেকে দূরে থাকাই নয়, কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটতে দেখলে তার বিরুদ্ধে প্রতিবাদ করার মানসিকতাও গড়ে তুলতে চায় প্রশাসন। সেই উদ্দেশ্যেই স্কুলে স্কুলে বিশেষ সমাবেশের আয়োজন করা হচ্ছে।

কেন্দ্রীয় সরকারের ‘বাল বিবাহ মুক্ত ভারত’ অভিযানের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই শপথবাক্য পাঠানো হয়েছে। স্কুলগুলিতে সচেতনতামূলক পোস্টার প্রদর্শনেরও নির্দেশ দেওয়া হয়েছে। কর্মসূচি সম্পন্ন হওয়ার পর তার ছবি এবং বিস্তারিত রিপোর্ট সংশ্লিষ্ট জেলাশাসকের দফতরে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, বিয়ের মরশুমে বাল্যবিবাহের প্রবণতা ঠেকাতেও কোমর বাঁধছে প্রশাসন। অক্টোবরের শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত বিয়ের মরশুমকে সামনে রেখে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতর ১০০ দিনের বিশেষ সচেতনতামূলক প্রচার কর্মসূচি চালানোর পরিকল্পনা করেছে। এই উদ্যোগে রাজ্যের প্রস্তাবে সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় সরকার। পরিকল্পনা অনুযায়ী, রাজ্যের বিভিন্ন ব্লকে ব্লকে প্রচার চালানো হবে। বাল্যবিবাহ যে আইনত দণ্ডনীয় অপরাধ, সেই বিষয়ে সাধারণ মানুষকে বিস্তারিতভাবে জানানো হবে। পাশাপাশি, এই অপরাধে জড়িত থাকলে কী ধরনের আইনি শাস্তির মুখে পড়তে হতে পারে, তা-ও তুলে ধরা হবে প্রচারে।

প্রশাসনের প্রচারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার ক্ষতিকর প্রভাবের উপর। ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে হলে কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে কী ধরনের বিরূপ প্রভাব পড়তে পারে, পাশাপাশি তাদের শিক্ষা ও সামাজিক জীবনে কীভাবে বাধা তৈরি হতে পারে, তা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে।