এবার কি বাড়ছে বাসভাড়া? বড় ইঙ্গিত পরিবহণমন্ত্রীর
দীর্ঘদিন ধরেই বাসভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের বেসরকারি বাসমালিকেরা।
Truth of Bengal: রাজ্যে বেসরকারি বাসের ভাড়া বাড়ানোর দাবিতে ইতিবাচক ইঙ্গিত দিলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ। তবে কত টাকা ভাড়া বাড়বে এবং কবে থেকে নতুন ভাড়া কার্যকর হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে বৈঠকের পরেই আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
দীর্ঘদিন ধরেই বাসভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের বেসরকারি বাসমালিকেরা। মঙ্গলবার তাঁদের দাবিকে ন্যায্য বলে উল্লেখ করেন পরিবহণমন্ত্রী। তাঁর বক্তব্য, জ্বালানি তেলের দাম এবং বাসচালকদের পারিশ্রমিক বেড়েছে। এই পরিস্থিতিতে যাত্রীদের উন্নত পরিষেবা দিতে গেলে ভাড়া বৃদ্ধি প্রয়োজন। তবে বাসে উঠলেই ন্যূনতম ১৮ টাকা ভাড়ার যে প্রস্তাব বাসমালিকেরা দিয়েছেন, তা এখনও বিবেচনাধীন।
সম্প্রতি ‘অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি’ পরিবহণমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়ে ভাড়া বৃদ্ধির দাবি জানায়। সংগঠনের তরফে আয়-ব্যয়ের হিসাবও তুলে ধরা হয়। তাদের দাবি, ২০১৮ সালে শেষবার বাসভাড়া বাড়ানোর সময় ডিজেলের লিটারপ্রতি দাম ছিল ৬৮ টাকা। বর্তমানে তা বেড়ে প্রায় ১০০ টাকা হয়েছে। ফলে বাস চালাতে গিয়ে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ছেন মালিকেরা।
পরিবহণমন্ত্রীর ইতিবাচক ইঙ্গিতকে স্বাগত জানিয়েছে বাসমালিকদের সংগঠনও। সিটি সাব-আর্বান বাস সার্ভিসের প্রতিনিধি টিটু সাহার বক্তব্য, সরকারের সঙ্গে তাঁদের আলোচনা সদর্থক হয়েছে। দ্রুত ভাড়া বৃদ্ধির বিষয়ে ইতিবাচক ঘোষণা হবে বলে তাঁরা আশাবাদী।





