এল নিনিওর জেরে কি এবার উধাও হবে শীত? বাংলার আবহাওয়া নিয়ে বড় আশঙ্কা!
আপাতত আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
Truth of Bengal: নভেম্বরের মাঝামাঝি পেরোলেই শীতের অপেক্ষায় দিন গুনতে শুরু করেন বাংলার মানুষ। কিন্তু এ বার শীতের আগমন নিয়ে যেমন কৌতূহল রয়েছে, তেমনই তার তীব্রতা নিয়েও তৈরি হয়েছে সংশয়। আবহবিদদের একাংশের আশঙ্কা, প্রশান্ত মহাসাগরে শক্তিশালী হয়ে উঠতে থাকা এল নিনিওর প্রভাবে ২০২৬-২৭ সালের শীত স্বাভাবিকের তুলনায় উষ্ণ হতে পারে। ফলে কনকনে ঠান্ডার দিনও কমার সম্ভাবনা রয়েছে।
আপাতত আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৪ নভেম্বর থেকে দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া ফিরতে পারে। উত্তুরে হাওয়ার প্রবেশ বাড়লে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। নভেম্বরের শেষ সপ্তাহে শীতের হালকা আমেজ মিললেও এখনই জাঁকিয়ে শীতের পূর্বাভাস দেওয়া যাচ্ছে না।
এ বার শীতের গতিপ্রকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এল নিনিও। INCOIS-এর ১৫ নভেম্বরের বুলেটিন অনুযায়ী, অক্টোবরেই প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার বিচ্যুতি প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এল নিনিও পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা ৮৭-১০০ শতাংশ বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। NOAA-র ১২ নভেম্বরের পূর্বাভাসেও ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে অতি শক্তিশালী এল নিনিওর সম্ভাবনার কথা বলা হয়েছে।
এল নিনিওর প্রভাবে বায়ুমণ্ডলের সঞ্চালনে পরিবর্তন আসে। এর প্রভাব পড়তে পারে ভারতের শীতকালীন আবহাওয়াতেও। পশ্চিমী ঝঞ্ঝা ও বৃষ্টিপাত কমলে হিমালয়ে তুষারপাত কমার আশঙ্কা রয়েছে। তবে এল নিনিও থাকলেই বাংলায় শীত পড়বে না, এমন সিদ্ধান্তে এখনই পৌঁছতে নারাজ আবহবিদরা। বায়ুপ্রবাহ, মেঘের উপস্থিতি এবং বঙ্গোপসাগরের পরিস্থিতিও শীতের তীব্রতা নির্ধারণ করবে। ফলে এ বার শীতের দাপট কতটা থাকবে, সেদিকেই নজর আবহাওয়াবিদদের।






