কলকাতা

পাড়ায় আসবে ঠাকুরের ছবি আঁকা বিশেষ গাড়ি! গান শুনলেই বেরিয়ে এসে দেবেন পুজোর ফুল, কারণ জানালেন অগ্নিমিত্রা পাল

পুজোর বাসি ফুল আর পুকুরে নয়! এবার গৃহস্থ বাড়ি থেকে ফুল সংগ্রহ করে তৈরি হবে ধূপ ও আবির, বড় ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রা পালের

Truth of Bengal: পুজোয় ব্যবহৃত বাসি ফুল পুনর্ব্যবহার করে সুগন্ধি ধূপ এবং ভেষজ আবির তৈরির পরিকল্পনার কথা আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এবার মন্দিরের পাশাপাশি সাধারণ গৃহস্থ বাড়ি থেকে কীভাবে সেই বাসি ফুল সংগ্রহ করা হবে, তার অভিনব রূপরেখা জানালেন মন্ত্রী। রবিবার দুর্গাপুর নগর নিগমে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিশেষ উদ্যোগের বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি।

হিন্দু ধর্মীয় আচার ও সংস্কার অনুযায়ী, পুজোর পর ভগবানের পায়ের ফুল যেখানে সেখানে বা আবর্জনায় ফেলতে চান না অনেকেই। ফলে অধিকাংশ মানুষই প্যাকেটে ভরে সেই বাসি ফুল পুকুর বা নদীতে ভাসিয়ে দেন, যার জেরে জলাশয়গুলিতে ক্রমশ পরিবেশ দূষণের মাত্রা বাড়ছে। এই সমস্যা রুখতেই পুজোর ফুল পুনর্ব্যবহারের (রিসাইকেল) উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই দক্ষিণেশ্বর, কালীঘাট এবং নৈহাটির বড়মার মন্দির-সহ রাজ্যের বড় মন্দিরগুলি থেকে ব্যবহৃত ফুল সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবার এই প্রকল্পের আওতায় আনা হচ্ছে সাধারণ গৃহস্থ বাড়িগুলিকেও। রবিবার মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, “অনেকেই ঠাকুরঘরের বাসি ফুল প্যাকেটে ভরে পুকুরে ফেলে দেন। এবার থেকে তা পুকুরে না ফেলে একটি প্যাকেটে ভরে সারা সপ্তাহ বাড়িতেই রেখে দেবেন। সপ্তাহে একদিন পুরসভার তরফে একটি বিশেষ গাড়ি পাড়ায় যাবে।”

গাড়িটির বিশেষত্ব বর্ণনা করে মন্ত্রী বলেন, “ঠাকুর-দেবতার ছবি দিয়ে গাড়িটিকে অত্যন্ত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং গাড়িতে ভক্তিগীতি বা ঠাকুর-দেবতার গান বাজবে। সেই গান শোনামাত্রই বাসিন্দারা বুঝতে পারবেন যে ঠাকুরঘরের ফুল সংগ্রহ করতে গাড়িটি এসেছে। সপ্তাহের কোন দিন গাড়ি আসবে তা প্রশাসন স্থির করে দেবে এবং সেই দিনেই প্যাকেটবন্দি ফুল গাড়িতে তুলে দিতে হবে।” সংগৃহীত সেই সমস্ত ফুল রিসাইকেল করে পরিবেশবান্ধব ধূপ ও আবির তৈরি করা হবে। আপাতত আসানসোল থেকেই এই অভিনব প্রকল্পের সূচনা হতে চলেছে বলে জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী।

Related Articles