ফের ভাঙন ঋতব্রত শিবিরে! বিদ্রোহী বিধায়ক-সাংসদরা যোগ দিচ্ছেন এনডিএ শরিক দলে, কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে তীব্র জল্পনা
মমতা শিবির ছাড়ার পর এবার কি ঋতব্রত শিবিরেও ভাঙন? বিদ্রোহী বিধায়কদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন রামদাস আথাওয়ালে, তুঙ্গে রাজনৈতিক জল্পনা!
Truth of Bengal: রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই একের পর এক ভাঙনের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই তৃণমূলের সঙ্গ ছেড়ে অধিকাংশ সাংসদ এনসিপিআই-তে যোগদান করেছেন এবং ৬৫ জন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ‘গণতান্ত্রিক তৃণমূল’ গড়ে তুলেছেন। তবে এবার সেই ঋতব্রত শিবিরেও বড়সড় ভাঙনের ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আরপিআই)-র প্রধান রামদাস আথাওয়ালে। কলকাতায় এসে কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছেন, বেশ কয়েকজন বিদ্রোহী তৃণমূল বিধায়ক ও সাংসদ তাঁর দলে যোগ দেওয়ার জন্য নিয়মিত যোগাযোগ রাখছেন।
বর্তমানে কলকাতায় রয়েছেন এনডিএ-র শরিক দল আরপিআই-এর সর্বভারতীয় সভাপতি রামদাস আথাওয়ালে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিদ্রোহী তৃণমূল বিধায়কদের একটি অংশ আরপিআই-তে যোগ দিতে আগ্রহী এবং ইতিমধ্যেই কয়েকজনের সঙ্গে তাঁর বৈঠকও হয়েছে। আথাওয়ালের কথায়, বিধায়কদের পাশাপাশি একাধিক সাংসদও তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন এবং বিষয়টি নিয়ে নিয়মিত আলোচনা চলছে। কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের পরই রাজ্য রাজনীতিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ভাঙনের জল্পনা তীব্র আকার ধারণ করেছে।
এদিকে, আসন্ন কলকাতা পুরসভার নির্বাচনেও লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে রামদাস আথাওয়ালের দল। সূত্রের খবর, কলকাতা পুরভোটে প্রার্থী দেওয়ার বিষয়ে বিজেপির সঙ্গে আসন সমঝোতার পথে হাঁটতে চাইছে আরপিআই। তবে বিজেপির সঙ্গে আলোচনায় যদি ইতিবাচক কোনো সিদ্ধান্ত না হয়, সেক্ষেত্রে পুরসভার ২০৯টি আসনেই এককভাবে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে দলটির।
সেই লক্ষ্যকে সামনে রেখে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে সাংগঠনিক ভিত শক্ত করার কাজ শুরু করে দিয়েছে আরপিআই। রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের বিদ্রোহী বিধায়ক ও সাংসদদের মধ্যে কয়েকজন যদি আনুষ্ঠানিকভাবে আরপিআই-তে যোগদান করেন, তবে রাতারাতি বঙ্গ রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসবে দলটি। এরপর ধীরে ধীরে তারা ভোটের ময়দানে নিজেদের শক্তি পরীক্ষা করবে এবং আসন্ন কলকাতা পুরসভা নির্বাচন থেকেই সেই প্রক্রিয়া শুরু করা সম্ভব কি না, তা নিয়ে দলের অন্দরে জোরকদমে আলোচনা চলছে।






