হাই কোর্টের নির্দেশে ক্যামাক স্ট্রিটে দমকলের হানা, এখনও রয়েছে গলদ!
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে পরিদর্শনে গেলেন দমকল আধিকারিকরা।
Truth of Bengal: কলকাতা হাই কোর্টের নির্দেশে বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে পরিদর্শনে গেলেন দমকল আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিল ক্যামাক স্ট্রিট থানার বিশাল পুলিশবাহিনী। বেলা ১২টা ১৫ মিনিট নাগাদ অফিসে পৌঁছে ছাদ থেকে বেসমেন্ট পর্যন্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখেন তাঁরা। দমকল আধিকারিকদের প্রাথমিক পর্যবেক্ষণ, এখনও অগ্নিনির্বাপণ ব্যবস্থায় বেশ কিছু খামতি রয়েছে। পরিদর্শনের রিপোর্ট কলকাতা হাই কোর্টে জমা দেওয়া হবে।
উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের বিলবোর্ড খুলতে গিয়ে কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে অভিষেক অনুগামীদের সংঘর্ষের অভিযোগ ওঠে। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এরপর দমকলের তরফে অফিসের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে নোটিস দেওয়া হয় এবং অফিস খালি করার নির্দেশ আসে।
দমকলের নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলার শুনানিতে আদালত জানায়, প্রয়োজন হলে দমকল আধিকারিকরা ফের অফিস পরিদর্শন করতে পারবেন। তবে তার আগে যথাযথ নোটিস দিতে হবে। সেই নির্দেশ মেনেই পরিদর্শনের দিন জানিয়ে নোটিস দেওয়া হয়। এবার দমকলের চূড়ান্ত রিপোর্টের দিকে নজর।





