সপ্তম বেতন কমিশনের প্রস্তুতি জোরদার, এবার মাদ্রাসার শিক্ষক-অশিক্ষক কর্মীদের তথ্য চাইল নবান্ন
দফতর সূত্রে জারি করা নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে, রাজ্যের সমস্ত Non-Government, Aided Madrasahs-এর কর্মীদের তথ্য নির্দিষ্ট পদ্ধতিতে জমা দিতে হবে।
জ্যোতির্ময় দত্ত , কলকাতা: সপ্তম বেতন কমিশন কার্যকরের প্রস্তুতিতে এবার মাদ্রাসা ক্ষেত্রেও তৎপরতা বাড়াল রাজ্য সরকার। রাজ্যের সরকার-পোষিত বেসরকারি মাদ্রাসাগুলির শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বিস্তারিত তথ্য চেয়ে পাঠাল মাদ্রাসা শিক্ষা দফতর। বেতন কাঠামো পর্যালোচনা এবং কমিশনের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই তথ্য সংগ্রহের উদ্যোগ বলে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দফতর সূত্রে জারি করা নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে, রাজ্যের সমস্ত Non-Government, Aided Madrasahs-এর কর্মীদের তথ্য নির্দিষ্ট পদ্ধতিতে জমা দিতে হবে। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের গত ৩০ সেপ্টেম্বরের নির্দেশিকার ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে। সপ্তম বেতন কমিশনের কাজের জন্য প্রয়োজনীয় তথ্যভাণ্ডার তৈরি করতেই এই উদ্যোগ।
নির্দেশ অনুযায়ী, প্রতিটি জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক বা ডিআই-কে তাঁদের অধীনস্থ সরকার-পোষিত মাদ্রাসাগুলির সমস্ত শিক্ষক ও অশিক্ষক কর্মীর তথ্য সংগ্রহ করতে হবে। দফতরের নির্ধারিত এক্সেল ফরম্যাটের ডেটা-শিটে যাবতীয় তথ্য পূরণ করে আগামী ২৭ নভেম্বর, ২০২৬-এর মধ্যে তা জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
শুধু তথ্য সংগ্রহ করেই দায়িত্ব শেষ হচ্ছে না। গোটা প্রক্রিয়া যাতে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে জেলা প্রশাসনকেও যুক্ত করা হয়েছে। প্রতিটি জেলার অতিরিক্ত জেলাশাসক (সংখ্যালঘু) এবং জেলা সংখ্যালঘু বিষয়ক আধিকারিকদের (DOMA) সংশ্লিষ্ট ডিআই-দের সঙ্গে সমন্বয় রেখে কাজের অগ্রগতি তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, রাজ্যে সপ্তম বেতন কমিশন গঠনের পর বিভিন্ন সরকারি ও সরকার-পোষিত প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো পর্যালোচনার প্রস্তুতি চলছে। সেই প্রক্রিয়ায় মাদ্রাসার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের তথ্য চাওয়াকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তবে এই মুহূর্তে তথ্য সংগ্রহের নির্দেশ জারি হলেও সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী মাদ্রাসার কর্মীরা কবে থেকে নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন, তা এখনও স্পষ্ট নয়। আপাতত ২৭ নভেম্বরের মধ্যে তথ্য জমা এবং পরবর্তী প্রশাসনিক পদক্ষেপের দিকেই নজর সংশ্লিষ্ট মহলের।


