কলকাতা

প্রাথমিক শিক্ষায় বড় পরিবর্তন, ২০২৭ থেকে রাজ্যের ৩১৯৯টি স্কুলে পঞ্চম শ্রেণির পঠনপাঠন

১৮ নভেম্বর স্কুলশিক্ষা দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

জ্যোতির্ময় দত্ত , কলকাতা: প্রাথমিক শিক্ষার পরিধি বাড়াতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবার রাজ্যের ৩১৯৯টি প্রাথমিক বিদ্যালয়েই চালু হতে চলেছে পঞ্চম শ্রেণির পঠনপাঠন। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই এই নতুন ব্যবস্থা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে স্কুলশিক্ষা দফতর। এর ফলে সংশ্লিষ্ট স্কুলগুলির পড়ুয়ারা প্রাথমিক স্তরেই পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনার সুযোগ পাবে।

বুধবার, ১৮ নভেম্বর স্কুলশিক্ষা দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন, ২০০৯-এর সঙ্গে সামঞ্জস্য রেখেই এই পদক্ষেপ বলে সরকারি নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, নির্দিষ্ট তালিকাভুক্ত ৩১৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণিকে অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ, এতদিন যে সমস্ত স্কুলে চতুর্থ শ্রেণি পর্যন্ত পঠনপাঠনের ব্যবস্থা ছিল, সেগুলির মধ্যে চিহ্নিত বিদ্যালয়গুলিতে এবার থেকে আরও এক ধাপ বাড়বে শিক্ষার পরিসর।

এই সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদগুলিকে। পাশাপাশি কলকাতা প্রাথমিক বিদ্যালয় সংসদ এবং শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদকেও প্রয়োজনীয় প্রশাসনিক ও পরিকাঠামোগত পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগে যাতে গোটা প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করা যায়, সেই লক্ষ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্কুলশিক্ষা দফতরের বিশেষ সচিব চন্দ্রনাথ রায়চৌধুরী এই বিজ্ঞপ্তি জারি করেছেন। নির্দেশিকার প্রতিলিপি পাঠানো হয়েছে স্কুলশিক্ষা কমিশনার, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্যশিক্ষা পর্ষদ, সমস্ত জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক এবং সংশ্লিষ্ট প্রাথমিক শিক্ষা সংসদগুলির কাছে।

শিক্ষামহলের মতে, এই সিদ্ধান্তের ফলে প্রাথমিক স্তরে শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলির পড়ুয়াদের পঞ্চম শ্রেণিতে ভর্তির জন্য অন্য স্কুলের উপর নির্ভরতা কমতে পারে। তবে নতুন ব্যবস্থা চালু করতে প্রয়োজনীয় শিক্ষক, শ্রেণিকক্ষ এবং অন্যান্য পরিকাঠামো কতটা প্রস্তুত করা সম্ভব হয়, এখন সেদিকেই নজর থাকবে।

Related Articles