দীর্ঘদিনের দাবি এবার কি পূরণ হবে? মন্দারমণি ও তাজপুরে দুটি সেতু তৈরিতে উদ্যোগী বিধায়ক
ফলে বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকদের
Truth of Bengal: দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্যে এবার তৎপরতা শুরু হল রামনগরে। মন্দারমণি ও তাজপুর পর্যটন কেন্দ্রে যাতায়াত আরও সহজ করতে দু’টি গুরুত্বপূর্ণ খালের উপর কংক্রিটের সেতু তৈরির উদ্যোগ নিয়েছেন রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল। দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের আশ্বাস মিললেও আগের সরকারের আমলে তা বাস্তবায়িত হয়নি। ফলে বছরের পর বছর ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকদের। এবার সেই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রস্তাবিত সেতু নির্মাণের জায়গাগুলি সরেজমিনে পরিদর্শন করলেন বিধায়ক। তাঁর সঙ্গে ছিলেন রামনগর ২ নম্বর ব্লকের বিডিও শুভদীপ ভড় এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
ছুটির দিন কিংবা সপ্তাহান্তে দিঘা ও মন্দারমণিতে পর্যটকদের ভিড় লেগেই থাকে। বর্তমানে মন্দারমণি যেতে হলে দিঘা-নন্দকুমার ১১৬-বি জাতীয় সড়কের চাউলখোলা থেকে প্রায় ১৫ কিলোমিটার পথ পেরোতে হয়। অথচ সাপুয়া থেকে সিলামপুর হয়ে মন্দারমণি যাওয়ার বিকল্প রাস্তা তৈরি হলে পর্যটকদের যাতায়াত অনেকটাই সহজ হয়ে উঠবে। সেই লক্ষ্যেই ২০১৭ সালে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের (ডিএসডিএ) উদ্যোগে সাপুয়া থেকে কন্দর্পপুর হয়ে সিলামপুর পর্যন্ত প্রায় ছ’কিলোমিটার দীর্ঘ এবং চওড়া রাস্তা নির্মাণ করা হয়েছিল। কিন্তু রাস্তার কাজ শেষ হওয়ার পর প্রায় ন’বছর কেটে গেলেও সিলামপুরের কাছে খালের উপর সেতু তৈরি হয়নি। ফলে কয়েক কোটি টাকার পরিকাঠামো তৈরি হলেও কার্যত কোনও সুফল পাচ্ছেন না পর্যটকরা। খালের উপর সেতু না থাকায় ওই রাস্তা দিয়ে সরাসরি মন্দারমণি যাওয়া সম্ভব হচ্ছে না। বর্তমানে মূলত স্থানীয় বাসিন্দারাই রাস্তাটি ব্যবহার করেন। সেতুটি তৈরি হলে সাপুয়া থেকে মন্দারমণির দূরত্ব অনেকটাই কমে যাবে। চাউলখোলা ঘুরে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরিবর্তে অনেক কম সময়ে পর্যটন কেন্দ্রে পৌঁছনো সম্ভব হবে। এতে সময় ও যাতায়াতের খরচ বাঁচবে। পাশাপাশি সিলামপুর, সোনামুই, দাদনপাত্রবাড়-সহ কালিন্দী ও পার্শ্ববর্তী সটিলাপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারাও বিশেষভাবে উপকৃত হবেন।
একইরকম সমস্যা রয়েছে দেউলিবাংলা থেকে তাজপুর যাওয়ার রাস্তাতেও। ওই পথে তরসিয়া খালের উপর আগে একটি কাঠের সেতু ছিল। কিন্তু দীর্ঘদিনের জীর্ণতার কারণে সেটি ভেঙে পড়েছে। ফলে জলধা মৎস্যখটি ও তাজপুর পর্যটন কেন্দ্রে যেতে স্থানীয় বাসিন্দাদের এখন বালিসাই হয়ে ঘুরপথে যাতায়াত করতে হয়। দীর্ঘদিন ধরেই সেখানে একটি স্থায়ী কংক্রিটের সেতু তৈরির দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। তাঁদের বক্তব্য, সেতু তৈরি হলে দেউলিবাংলা থেকে তাজপুর এবং আশপাশের এলাকায় যাতায়াত অনেক সহজ হবে। কন্দর্পপুরের বাসিন্দাদেরও একই অভিযোগ। তাঁদের এলাকায় ইতিমধ্যেই প্রায় ৩০ ফুট চওড়া রাস্তা তৈরি হয়েছে। কিন্তু সেতু না থাকায় মন্দারমণি যেতে এখনও চাউলখোলা কিংবা তাজপুর হয়ে ঘুরে যেতে হচ্ছে। তাই দু’টি সেতু নির্মাণের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা।
এলাকার দীর্ঘদিনের এই সমস্যার কথা মাথায় রেখেই এবার উদ্যোগী হয়েছেন বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল। প্রস্তাবিত জায়গাগুলি পরিদর্শনের পর তিনি জানিয়েছেন, এবার সেতু নির্মাণের খসড়া পরিকল্পনা তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। তাঁর কথায়, “জায়গা পরিদর্শন করা হয়েছে। এরপর খসড়া তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরের কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। আমরা চাই, দ্রুত সেতুগুলি তৈরি হোক। বিধায়ক হিসাবে আমি বিষয়টি তদ্বির করছি।”






