রাজ্যের খবর

তিন শাবকের গর্ভপাত, বিপর্যস্ত ‘ডুয়ার্স রানি’! বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন

অভিযোগ, বাঘিনিটিকে ধরার জন্য তিনবার ট্রাংকুলাইজার প্রয়োগ করে অজ্ঞান করা হয়।

Truth of Bengal: ‘টাইগার রিইন্ট্রোডাকশন’-এর উদ্যোগে বিহারের অরণ্য থেকে তিন বছর বয়সি বাঘিনি ‘ডুয়ার্স রানি’কে আনা হয়েছিল বক্সা ব্যাঘ্র সংরক্ষণাঞ্চলে। উদ্দেশ্য ছিল, বক্সার মুক্ত অরণ্যে তার নিরাপদ আশ্রয় নিশ্চিত করা। কিন্তু সেই উদ্যোগের পরিণতি ঘিরেই এখন উঠছে একাধিক প্রশ্ন। কীভাবে বক্সার এনক্লোজার থেকে বেরিয়ে অসমের জঙ্গলের দিকে চলে গেল বাঘিনিটি? কেন তাকে ধরতে রাত-দিন মাইলের পর মাইল তাড়া করা হয়েছিল?

অভিযোগ, বাঘিনিটিকে ধরার জন্য তিনবার ট্রাংকুলাইজার প্রয়োগ করে অজ্ঞান করা হয়। প্রায় ১৮ ঘণ্টা লোহার খাঁচায় বন্দি রাখা হয় তাকে। এই ঘটনার পর বক্সা ব্যাঘ্র সংরক্ষণাঞ্চলে তার গর্ভপাত হয়। নষ্ট হয়ে যায় তিনটি ভ্রূণ। অর্থাৎ, তিনটি শাবককে হারায় ‘ডুয়ার্স রানি’। বাঘিনিটি আগে থেকেই সন্তানসম্ভবা ছিল কি না, তা নিয়ে বন দপ্তরের ভূমিকা এবং বন্যপ্রাণ বিশেষজ্ঞদের সিদ্ধান্তের যথার্থতা নিয়ে প্রশ্ন উঠছে।

বাঘিনিকে নিরাপদ আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বক্সায় আনা হলেও, তিনটি শাবক হারানোর পর সে আদৌ ভালো আছে কি না, সেই প্রশ্নই এখন বড় হয়ে উঠেছে।

Related Articles