কলকাতারাজ্যের খবর

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! বুধবার থেকে বৃষ্টিতে ভিজবে বাংলা?

ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার আশঙ্কা কম।

Truth of Bengal: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এই নিম্নচাপ। মঙ্গলবার, ১৭ নভেম্বর ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে সেটি অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোতে পারে। তবে স্বস্তির খবর, ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার আশঙ্কা কম। যদিও এর পরোক্ষ প্রভাবে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সপ্তাহের প্রথম দিন সোমবার কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে। ভোরে হালকা শীতের আমেজ অনুভূত হলেও আপাতত শহরে বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আজ আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে।

তবে বুধবার থেকে বদলাতে পারে আবহাওয়ার পরিস্থিতি। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সপ্তাহের শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম।

Related Articles