রাজ্যের খবর

হলিউড থেকে ‘রামায়ণ’, মায়ানগরীর পর্দায় ভেলকি দেখাচ্ছেন মুর্শিদাবাদের কৌশিক

​বিগত প্রায় ছয় বছর ধরে ভিএফএক্স শিল্পী হিসেবে কাজ করছেন কৌশিক।

কল্যান বিশ্বাস, মুর্শিদাবাদ: ​সিনেমার পর্দায় বিশাল প্রাসাদ, রণক্ষেত্র কিংবা কাল্পনিক জগৎ—দর্শকদের মুগ্ধ করা এই অবিশ্বাস্য দৃশ্যগুলির নেপথ্যে থাকে ভিজ্যুয়াল ইফেক্টস বা ভিএফএক্স (VFX) প্রযুক্তি। বাস্তবে ধারণ করা ফুটেজের সঙ্গে কম্পিউটারের মাধ্যমে তৈরি ডিজিটাল পরিবেশ, আলো-ছায়া ও ত্রিমাত্রিক মডেল যুক্ত করে পর্দায় জীবন্ত করে তোলা হয় অলীক সব দৃশ্য। আধুনিক চলচ্চিত্র নির্মাণের এই আন্তর্জাতিক আঙিনায় নিজের দক্ষতার ছাপ রাখছেন মুর্শিদাবাদের কান্দির যুবক কৌশিক দত্ত।

​বিগত প্রায় ছয় বছর ধরে ভিএফএক্স শিল্পী হিসেবে কাজ করছেন কৌশিক। বর্তমানে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভিএফএক্স স্টুডিও ‘ডিএনইজি’ (DNEG)-তে কর্মরত। ‘রামায়ণ’-এর মতো বৃহৎ বাজেটের পৌরাণিক চলচ্চিত্রের সরকারি ক্রেডিট তালিকাতেও জ্বলজ্বল করছে তাঁর নাম। এ ছাড়াও ‘ওপেনহাইমার’, ‘ডিউন: পার্ট টু’, ‘দ্য ওডিসি’, ‘দ্য বয়েজ’, ‘ফাইটার’, ‘কল্কি ২৮৯৮ এডি’, ‘ছাভা’ এবং ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো একাধিক দেশি-বিদেশি ব্লকবাস্টার ছবি ও ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি।

​‘রামায়ণ’ প্রজেক্টের অভিজ্ঞতা প্রসঙ্গে ভিএফএক্স আর্টিস্ট কৌশিক দত্ত বলেন, “আসলে যে সমস্ত দৃশ্য বাস্তবে শুট করা সম্ভব নয়, সেই দৃশ্যগুলিই আমরা কম্পিউটার এবং বিশেষ সফটওয়্যারের মাধ্যমে ভিএফএক্স প্রযুক্তিতে পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করি। অনেক সময় ছবির প্রয়োজনে অ্যাকশন বা ফাইটিং সিকোয়েন্স থাকে, কিংবা রক্তপাত বা মার্ডারের মতো এমন কিছু দৃশ্য থাকে যা সরাসরি ক্যামেরাবন্দি করা যায় না—সেই সমস্ত কঠিন দৃশ্যই আমরা ভিএফএক্সের সাহায্যে নিখুঁতভাবে তৈরি করি। ‘রামায়ণ’ ছবিতেও আমাদের মূলত এই কাজটাই ছিল।”

​নিজের দীর্ঘ কর্মজীবনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “আমি বিগত ছয় বছর ধরে ভিএফএক্স আর্টিস্ট হিসেবে কাজ করছি। এই সময়ে ‘রামায়ণ’, ‘ফাইটার’, ‘ওপেনহাইমার’, ‘ডিউন: পার্ট টু’-সহ আরও অনেক বড় মাপের প্রজেক্ট এবং বিভিন্ন ওয়েব সিরিজে কাজ করার সুযোগ হয়েছে।”

​কান্দির মতো মফস্‌সল শহর থেকে উঠে এসে বিশ্বমানের চলচ্চিত্রের কারিগরি বিভাগে কৌশিকের এই সাফল্য নিঃসন্দেহে গর্বের। তাঁর এই উত্তরণ জেলার নতুন প্রজন্মের কাছে অ্যানিমেশন, ভিএফএক্স এবং আধুনিক ডিজিটাল প্রযুক্তিনির্ভর সৃজনশীল পেশায় এগিয়ে আসার বড় অনুপ্রেরণা হয়ে উঠেছে।