কলকাতা

দেশ, দল, ব্যক্তির ঊর্ধ্বে রাষ্ট্রসেবা, বুথ পিছু ১০০ যুব কার্যকর্তা গড়ার লক্ষ্য: অমিত সামন্ত

অমিত সামন্তের কথায়, তাঁদের কাছে শাসনের চেয়ে মানুষের সেবা এবং মানুষের পাশে থাকাই বেশি গুরুত্বপূর্ণ

চয়নিকা ব্যানার্জ্জী, কলকাতা: রাষ্ট্রবাদী চেতনার প্রসার, মানুষের সেবা এবং যুবসমাজকে সমাজের কাজে যুক্ত করাই ভারতীয় জনতা যুব মোর্চার প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখেই সংগঠনের প্রতিটি স্তরে যুব কার্যকর্তা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। এমনটাই জানালেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি অমিত সামন্ত। অমিত সামন্তের কথায়, তাঁদের কাছে শাসনের চেয়ে মানুষের সেবা এবং মানুষের পাশে থাকাই বেশি গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতমাতার সেবার আদর্শকে সামনে রেখেই তাঁরা কাজ করছেন। তাঁর বক্তব্য, প্রথমে দেশ, তারপর দল, সবশেষে ব্যক্তি – এই আদর্শেই তাঁরা বিশ্বাসী। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ হয়ে বিজেপির সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক পথচলা। দলের দেওয়া দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের প্রত্যাশা পূরণ করাকেও তিনি সমান গুরুত্ব দেন।

যুব মোর্চার রাজ্য সভাপতি হিসেবে তাঁর অন্যতম লক্ষ্য, রাজ্যের প্রত্যেক বুথে অন্তত ১০০ জন যুব কার্যকর্তা তৈরি করা। যাঁরা শুধু রাজনৈতিক সংগঠনের কাজ করবেন না, মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের পরিষেবা প্রদান করবেন। যুবশক্তিকে রাষ্ট্রবাদী চেতনায় উদ্বুদ্ধ করে সমাজের কাজে নিয়োজিত করাই তাঁর উদ্দেশ্য। বাংলার জাতীয়তাবাদ এবং মনীষীদের আদর্শ আরও বেশি করে যুবসমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার উপরেও জোর দিয়েছেন তিনি। বন্দেমাতরম-এর প্রচার প্রসঙ্গে তাঁর বক্তব্য, এই গানকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী গোটা দেশকে এক সূত্রে বাঁধার উদ্যোগ নিয়েছেন। পশ্চিমবঙ্গের যুবক-যুবতীরাও তেরঙ্গা হাতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে জাতীয়তাবাদী চেতনার পরিচয় দিয়েছেন।

রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে অমিত সামন্তের দাবি, বর্তমান সরকারের আমলে দুর্গাপুজো ও কালীপুজো নির্বিঘ্নে উদযাপনের পরিবেশ তৈরি হয়েছে এবং সনাতনী সংস্কৃতির প্রসার ঘটেছে। তাঁর আরও দাবি, নতুন সরকারের আমলে কর্মসংস্থান ও বিনিয়োগের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন এসেছে। অমিত সামন্তের মতে, আগামী দিনে যুবশক্তিই বাংলার উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠবে। রাষ্ট্রবাদী ভাবনা, সাংগঠনিক শক্তি এবং মানুষের সেবার আদর্শকে সামনে রেখেই বাংলার যুবসমাজকে এগিয়ে নিয়ে যেতে চায় বিজেপি যুব মোর্চা।

Related Articles