অবশেষে জামিন পার্থর! ৭ হাজার টাকার বন্ডে মুক্তির নির্দেশ আদালতের
এই মামলায় পার্থর বিরুদ্ধে চার্জশিট জমা পড়ার পর তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল
Truth of Bengal: এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করার পর ৭ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়ার নির্দেশ দেন বিচারক। এই মামলায় পার্থর বিরুদ্ধে চার্জশিট জমা পড়ার পর তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই এদিন আদালতে উপস্থিত হন তিনি।
তবে শারীরিক অসুস্থতার কারণে আদালতের দোতলায় অবস্থিত এজলাসে সশরীরে হাজির হতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী। সিঁড়ি দিয়ে উপরে উঠতে তাঁর সমস্যা হচ্ছে বলে আদালতে মেডিক্যাল রিপোর্ট জমা দেন পার্থর আইনজীবী বিপ্লব গোস্বামী। সেই রিপোর্ট বিবেচনা করে আদালতের একতলা থেকেই ভার্চুয়ালি শুনানিতে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয় তাঁকে। এরপরই জামিন মঞ্জুর করেন বিচারক। তবে জামিন পেলেও পার্থ চট্টোপাধ্যায়ের জন্য একাধিক শর্ত বেঁধে দিয়েছে আদালত। চিকিৎসার প্রয়োজন ছাড়া পশ্চিমবঙ্গের বাইরে যেতে পারবেন না তিনি। নিজের পাসপোর্টও আদালতে জমা রাখতে হবে। মামলায় চার্জ গঠনের দিন তাঁকে অবশ্যই আদালতে হাজির থাকতে হবে। পাশাপাশি, কোনওভাবেই নতুন করে একই ধরনের অপরাধে জড়ানো যাবে না। মামলার সঙ্গে যুক্ত কোনও ব্যক্তি বা সাক্ষীকে ভয় দেখানো কিংবা প্রভাবিত করার চেষ্টা করলেও তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে।
এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট জমা পড়ার পর বৃহস্পতিবারের শুনানি যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল। শেষ পর্যন্ত জামিন পেলেও আপাতত আদালতের নজরদারি ও নির্ধারিত বিধিনিষেধের মধ্যেই থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে।






