কলকাতা

কলকাতা এয়ারপোর্টের রানওয়েতে কুকুর! পাইলটের উপস্থিত বুদ্ধিতে এড়াল দুই বিমানের সংঘর্ষ

কড়া নিরাপত্তা ভেঙে রানওয়েতে সারমেয়! অণ্ডালে পাঠানো হলো চেন্নাইগামী উড়ান, প্রশ্নের মুখে বিমানবন্দর কর্তৃপক্ষ!

Truth of Bengal: নিশ্ছিদ্র নিরাপত্তা ও কড়া নজরদারির ঘেরাটোপ এড়িয়ে এবার সরাসরি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়ল একটি পথকুকুর! আর এই অদ্ভুত অথচ বিপজ্জনক ঘটনার জেরে বুধবার বড়সড় দুর্ঘটনার মুখে পড়তে চলেছিল দুটি যাত্রীবাহী বিমান। তবে এক পাইলটের তীক্ষ্ণ নজরদারি, উপস্থিত বুদ্ধি এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC)-এর বিদ্যুৎগতির পদক্ষেপে অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই উড়ানের শত শত যাত্রী।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বুধবার কলকাতা থেকে রাঁচিগামী ইন্ডিগোর একটি বিমান উড়ানের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে রানওয়েতে পৌঁছেছিল। টেক-অফের ঠিক শেষ মুহূর্তে পাইলটের নজরে আসে যে রানওয়ের ওপর নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে একটি পথকুকুর। উচ্চগতিতে বিমান ওড়ার সময় রানওয়েতে কোনও প্রাণীর উপস্থিতি যে কতটা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে, তা বুঝতে এক মুহূর্তও দেরি করেননি চালক। বিপদ আঁচ করে তিনি সঙ্গে সঙ্গে উড়ান স্থগিত রেখে কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি জানান।

ঠিক সেই মুহূর্তেই চেন্নাই থেকে আসা ইন্ডিগোর আরও একটি বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণের একদম দোরগোড়ায় চলে এসেছিল। রানওয়েতে কুকুর ঢুকে পড়ার খবর পাওয়া মাত্রই চরম তৎপর হয়ে ওঠেন এটিসি-র আধিকারিকরা। সম্ভাব্য সংঘর্ষ ও দুর্ঘটনার আশঙ্কায় চেন্নাই থেকে আসা বিমানটিকে কলকাতায় নামার অনুমতি না দিয়ে তৎক্ষণাৎ বিকল্প পথে ঘুরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এটিসি-র জরুরি বার্তা পেয়ে পাইলট বিমানটিকে নিরাপদে দুর্গাপুরের অণ্ডাল বিমানবন্দরের দিকে ঘুরিয়ে নিয়ে যান এবং সেখানেই নিরাপদ অবতরণ করান।

দুই বিমানের যাত্রীরা সম্পূর্ণ সুরক্ষিত থাকলেও, এই ঘটনায় কলকাতা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। রানওয়ের মতো অত্যন্ত স্পর্শকাতর এবং সুরক্ষিত এলাকায় সবার চোখ এড়িয়ে কীভাবে একটি কুকুর ঢুকে পড়ল, তা নিয়ে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বুধবার দিনভর একাধিক নাটকীয় ঘটনার সাক্ষী থাকল কলকাতা বিমানবন্দর। এদিন সকালেই মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে হাইজ্যাকের হুমকিবার্তা ঘিরে তীব্র আতঙ্ক ছড়ায়। পরে তদন্তে নেমে সোদপুরের এক যাত্রীকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, ক্যানসার আক্রান্ত স্ত্রীকে রেখে অফিসের কাজে জোর করে আফ্রিকায় পাঠানো আটকাতেই তিনি শৌচাগারে ভুয়ো হাইজ্যাকের চিরকুট লিখে উড়ান বাতিল করার ফন্দি এঁটেছিলেন।

Related Articles