দেশ

জেলবন্দি লরেন্স, তবু বাইরে সক্রিয় গ্যাং? এবার নিশানায় কেজরিওয়াল

প্রাথমিকভাবে জানা গিয়েছে, তিলক নগরের আপ বিধায়ক জার্নেল সিংয়ের হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে হুমকি মেসেজ পাঠানো হয়।

Truth of Bengal: ফের খুনের হুমকি ঘিরে চাঞ্চল্য! এবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীবাল এবং তাঁর মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিশ্নোই গ্যাংয়ের বিরুদ্ধে। অভিযোগ, সাত কোটি টাকা না দিলে বাবা ও মেয়েকে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি ও পঞ্জাব পুলিশ।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, তিলক নগরের আপ বিধায়ক জার্নেল সিংয়ের হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে হুমকি মেসেজ পাঠানো হয়। ফোনও করা হয়েছিল তাঁকে। মেসেজের প্রেরক নিজেকে বিশ্নোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দেয়। ঘটনার পর পঞ্জাবের মোহালিতে অভিযোগ দায়ের করেন বিধায়ক।

পঞ্জাব পুলিশ সূত্রে খবর, হুমকি পাঠানো মোবাইল নম্বরটির কল রেকর্ড, আইপি লগ এবং লোকেশন ডেটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সম্প্রতি বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিচালনার দায় স্বীকার করেছিল বিশ্নোই গ্যাং বলে অভিযোগ। অভিনেতা তুষার কপূরও পাঁচ কোটি টাকা চেয়ে খুনের হুমকি পেয়েছিলেন বলে জানা যায়। সেই ঘটনার তদন্তও চালাচ্ছে মুম্বই পুলিশ।

উল্লেখ্য, গ্যাংস্টার লরেন্স বিশ্নোই জেলে বন্দি থাকলেও তাঁর গ্যাংয়ের সদস্যরা বাইরে সক্রিয় বলে অভিযোগ। বিভিন্ন সময়ে তোলাবাজি, গুলিচালনা এবং খুনের হুমকির ঘটনায় এই গ্যাংয়ের নাম উঠে এসেছে। এবার কেজরীবাল ও তাঁর মেয়েকে হুমকির অভিযোগ ঘিরে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে।

Related Articles