রাজ্যের খবর

ছটপুজোর মঞ্চ থেকে বাম-তৃণমূলকে একযোগে নিশানা শুভেন্দুর

বৃহস্পতিবার হাওড়ার কাজিপাড়ায় ছটপুজোর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ভাষার নামে বিভাজনের রাজনীতি নিয়ে সরব হন তিনি।

Truth of Bengal: ছটপুজোর প্রাক্কালে ফের বাম ও তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার ৩৪ বছরের বাম শাসন এবং ১৫ বছরের তৃণমূল জমানাকে নিশানা করে তাঁর অভিযোগ, দুই সরকারই সনাতনীদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করেছে। বৃহস্পতিবার হাওড়ার কাজিপাড়ায় ছটপুজোর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ভাষার নামে বিভাজনের রাজনীতি নিয়ে সরব হন তিনি।

শুভেন্দুর দাবি, আগের সরকার বিহার, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের মানুষকে বহিরাগত বলে দাগিয়ে দিত। অথচ বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের বিশেষ সুবিধা দেওয়া হত। তাঁর কটাক্ষ, বিজেপিকে অবাঙালিদের দল বলা হলেও তৃণমূল কখনও মুসলিমদের মধ্যে বাংলাভাষী ও উর্দুভাষীদের আলাদা করে দেখেনি।

তৃণমূলের বিরুদ্ধে বাংলার ঐতিহ্য ও পরম্পরা নষ্ট করার অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ছটপুজোকে বিহারের, রামনবমীকে উত্তরপ্রদেশের উৎসব বলে প্রচার করে সনাতনীদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা হয়েছিল। এমনকী রামনবমীর মিছিলেও বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। শুভেন্দুর বক্তব্য, এখন দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো, রামনবমী থেকে ছটপুজো—সব উৎসবই সনাতনীরা একসঙ্গে পালন করছেন। নন্দীগ্রাম ও রেজিনগরের নির্বাচনী ফলের প্রসঙ্গ টেনেও বিরোধীদের আক্রমণ করেন তিনি।

এদিন দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলেও সরব হন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, গত ১৫ বছরে ২০-৩০ হাজার কোটি টাকা দেশের বাইরে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, কাউকে ছাড় দেওয়া হবে না। তাঁর কথায়, সরকারে মাত্র ছয় মাস হয়েছে, আগামী দিনে আরও অনেক কিছু দেখার বাকি। কমিউনিস্ট ও জামাতপন্থীদের বিরুদ্ধেও কঠোর অবস্থানের বার্তা দেন তিনি।

ভাষণের শেষে তিনবার ‘ছটি মাইয়া কি জয়’ স্লোগান দেন মুখ্যমন্ত্রী। ছটপুজোর মঞ্চ থেকে তাঁর এই রাজনৈতিক আক্রমণ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

Related Articles