দেশ

কলকাতায় প্রবাসী ভারতীয় সম্মেলনকে ‘সেরার সেরা’ করার চ্যালেঞ্জ শুভেন্দুর, উদ্বোধন পোর্টালের

বুধবার দিল্লিতে এক ঝটিকা সফরে গিয়ে সম্মেলনের পোর্টালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Truth of Bengal: আগামী জানুয়ারি মাসে কলকাতায় বসতে চলেছে ১৯তম প্রবাসী ভারতীয় সম্মেলনের আসর। নিউটাউনে আয়োজিত এই আন্তর্জাতিক অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার। বুধবার দিল্লিতে এক ঝটিকা সফরে গিয়ে সম্মেলনের পোর্টালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠান শেষে তাঁর স্পষ্ট বার্তা, কলকাতায় আয়োজিত এই সম্মেলনকে দেশের মধ্যে সেরা করে তুলতে চায় বাংলা। তাঁর কথায়, “মোদিজির মন্ত্র—কথা কম, কাজ বেশি। আমরা তা করে দেখাতে চাই।”

এই প্রথমবার পশ্চিমবঙ্গে আয়োজিত হতে চলেছে প্রবাসী ভারতীয় সম্মেলন। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশে বসবাসকারী বহু প্রবাসী ভারতীয় এই উপলক্ষে কলকাতায় আসবেন। তাঁদের কাছে বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও পর্যটনের ছবি তুলে ধরাই রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। মুখ্যমন্ত্রী বলেন, অতিথিরা কলকাতা ঘুরে ফিরে যাওয়ার পর যদি জানান যে, অন্যান্য জায়গার তুলনায় এখানকার অভিজ্ঞতাই তাঁদের কাছে সেরা, তবেই এই আয়োজন সার্থক হবে। সম্মেলন উপলক্ষে প্রবাসী ভারতীয়দের বাংলায় আসার আমন্ত্রণও জানিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, “বাংলায় আসুন। দক্ষিণেশ্বর থেকে কালীঘাট ঘুরুন। কলকাতা স্বামী বিবেকানন্দের জন্মভূমি।” তাঁর দাবি, বাংলার ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য এবং প্রাকৃতিক সৌন্দর্য—সব মিলিয়ে এই রাজ্যের আকর্ষণ অন্য মাত্রার।

কেন এতদিন বাংলায় এই সম্মেলনের আয়োজন হয়নি, সেই প্রসঙ্গেও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। বিগত বাম ও তৃণমূল জমানাকে নিশানা করে তাঁর বক্তব্য, “৪৯ বছর বাংলায় কেন্দ্র ও রাজ্যে একই সরকার ছিল না। এর ফলে কোনও ইচ্ছাও দেখা যায়নি। কোনও অনুষ্ঠান করতে বলা হলে, তা করা হত না।” তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, গণতন্ত্রে কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার থাকতেই হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। তাঁর কথায়, “আগে আমাদের সব ছিল। শুধু ভিশন ছিল না।” কলকাতায় এই সম্মেলন আয়োজনের সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ধন্যবাদ জানিয়েছেন শুভেন্দু। আন্তর্জাতিক যোগ দিবসের আয়োজনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেই অনুষ্ঠানেও বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছিলেন। এবার প্রবাসী ভারতীয় সম্মেলনকেও একইভাবে স্মরণীয় করে তুলতে চায় রাজ্য।

Related Articles