কলকাতা

১৩ বছরের পুরনো মামলায় ফের আইনি জট! মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশের হানা

১৩ বছর আগের একটি মামলায় সাক্ষী হিসেবে হাজিরার জন্য তাঁকে নোটিস দেওয়া হয়েছে বলে খবর।

Truth of Bengal: ফের পুলিশের নোটিস ঘিরে আইনি বিতর্কে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীপুজোর পরের দিনই তাঁর কালীঘাটের বাড়িতে পৌঁছে গেলেন দিল্লি পুলিশের আধিকারিকরা। ১৩ বছর আগের একটি মামলায় সাক্ষী হিসেবে হাজিরার জন্য তাঁকে নোটিস দেওয়া হয়েছে বলে খবর। সোমবার বিকেলে কালীঘাট থানার আধিকারিকদের সঙ্গে নিয়েই মমতার বাড়িতে পৌঁছয় দিল্লি পুলিশের একটি দল। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ২০১৩ সালে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় দায়ের হয়েছিল মামলাটি। সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি আধিকারিকদের উপর হামলা-সহ একাধিক অভিযোগের উল্লেখ রয়েছে সেই মামলায়। ওই ঘটনায় সাক্ষী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। সোমবার তাঁর বাড়িতে গিয়ে আনুষ্ঠানিকভাবে নোটিস পৌঁছে দেন দিল্লি পুলিশের আধিকারিকরা। তবে কবে এবং কোথায় তাঁর সাক্ষ্য নেওয়া হবে, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা অনুযায়ী ঠিক করা হবে বলে জানা গিয়েছে। ১৩ বছরের পুরনো মামলায় এতদিন পর হঠাৎ কেন এই তলব, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলের একাংশের মধ্যে ষড়যন্ত্রের অভিযোগও উঠছে। যদিও বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, এতদিন পরে কেন তাঁকে ডাকা হল, সেই প্রশ্ন উঠতেই পারে। তবে এর উত্তর দিল্লি পুলিশকেই দিতে হবে। আদালতে নিশ্চয়ই তাদের এই বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। যেহেতু মামলাটি দিল্লির, তাই এর বেশি কিছু বলতে চাননি তিনি।

উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর গত কয়েক মাসে একাধিকবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছে তদন্তকারী সংস্থা ও পুলিশ। কখনও পুলিশের তৎপরতা, কখনও আবার সিবিআইয়ের উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতোর। একাধিক মামলায় আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তৃণমূলের তরফে বারবারই এই ঘটনাগুলিকে রাজনৈতিক প্রতিহিংসা ও বিজেপির ষড়যন্ত্র বলে দাবি করা হয়েছে। এবার ২০১৩ সালের পুরনো মামলায় দিল্লি পুলিশের নোটিস ঘিরে সেই বিতর্কই নতুন করে উসকে উঠল।

Related Articles