কলকাতা

নিষেধাজ্ঞা উড়িয়ে কালীপুজোয় বাজির দাপট! কলকাতায় AQI ছাড়াল ৫০০

শুক্রবার রাত থেকেই কলকাতা ও হাওড়ার বাতাসে দূষণের মাত্রা বাড়তে শুরু করে।

Truth of Bengal: কালীপুজোয় বায়ুদূষণ নিয়ন্ত্রণে রাজ্য সরকারের তরফে জারি হয়েছিল একাধিক নির্দেশিকা। বাজি ফাটানোর সময়সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছিল শব্দবাজিও। কিন্তু প্রশাসনের নির্দেশ অমান্য করে কালীপুজোর রাতে কলকাতা জুড়ে দেখা গেল বাজির দাপট। তার জেরেই হু হু করে বাড়ল শহরের বায়ুদূষণ।

শুক্রবার রাত থেকেই কলকাতা ও হাওড়ার বাতাসে দূষণের মাত্রা বাড়তে শুরু করে। রবিবার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। রাত ১টা নাগাদ কলকাতার AQI প্রায় ৫০০-তে পৌঁছে যায়। অথচ গত বৃহস্পতিবারও শহরের AQI ছিল মাত্র ৭০ থেকে ৮০। রবিবার সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়ায় ২০০-তে। কালীপুজোর রাতে বাতাসে PM2.5-এর মাত্রা ছিল প্রতি ঘনমিটারে ২৯৩ মাইক্রোগ্রাম এবং PM10-এর মাত্রা ৩৫৪ মাইক্রোগ্রাম।

দূষণের নিরিখে সবচেয়ে খারাপ পরিস্থিতি ছিল উত্তর কলকাতায়। রাত ২টোর রিপোর্ট অনুযায়ী, কাঁকুড়গাছিতে AQI পৌঁছয় ৬১০-এ। মানিকতলায় ৫৩৮, বেনিয়াপুকুরে ৫২৮, কাশীপুরে ৪৯০ এবং লেবুতলায় ৪৯১। বিধাননগরেও AQI ছিল ৪৯০।

মধ্য কলকাতার ফোর্ট উইলিয়াম, এলগিন রোড, হেস্টিংস ও ময়দানে দূষণের সূচক ঘোরাফেরা করেছে ৪৫০ থেকে ৫০০-র মধ্যে। দক্ষিণ কলকাতার বালিগঞ্জে AQI ছিল ৪৭৪, লেক টেরাসে ৪৪৬, ভবানীপুরে ৪৩২ এবং চেতলায় ৪২৫। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘন ধোঁয়াশায় ঢেকে যায় শহর। তবে এত দূষণ সত্ত্বেও দেশের সবচেয়ে দূষিত ১০টি শহরের তালিকায় জায়গা হয়নি কলকাতার।