জন্মদিনে অভিনব নজির মন্ত্রীর! সাফাই কর্মীদের পা ধুইয়ে সম্মান জানালেন মৌমিতা বিশ্বাস মিশ্র
নিজের হাতে সাফাইকর্মীদের পা ধুইয়ে দিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন রাজ্যের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দপ্তরের প্রতিমন্ত্রী
Truth of Bengal: জন্মদিনে নজিরবিহীন উদ্যোগ রাজ্যের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রের! কেক কেটে কিংবা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের বদলে সাফাইকর্মীদের সম্মান জানিয়ে বিশেষভাবে দিনটি উদযাপন করলেন তিনি। নিজের হাতে সাফাইকর্মীদের পা ধুইয়ে দিয়ে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন রাজ্যের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দপ্তরের প্রতিমন্ত্রী। তাঁর এই উদ্যোগ ঘিরে বর্ধমানে শুরু হয়েছে আলোচনা। বর্ধমান থেকে নির্বাচনে জয়ী হয়ে মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন মৌমিতা বিশ্বাস মিশ্র। দায়িত্ব নেওয়ার পর থেকেই বর্ধমান শহরের উন্নয়ন, পরিচ্ছন্নতা এবং সবুজায়নের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর করে তুলতে শুরু হয়েছে একাধিক উদ্যোগ। আর সেই কাজে যাঁরা দিনরাত পরিশ্রম করছেন, জন্মদিনে তাঁদেরই সম্মান জানালেন প্রতিমন্ত্রী।
জন্মদিনের সেরা উদযাপন মানুষের পাশে থেকে, মানুষের সম্মান ও ভালোবাসা অর্জনের মধ্যেই। বর্ধমানের ৬ নম্বর ওয়ার্ডের সাফাইকর্মী ভাই বোনদের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা।মানবসেবাই ঈশ্বরসেবা। https://t.co/uJ7yRkvFGR
— Moumita Biswas Misra (@moumitabmisra) November 6, 2026
এই উপলক্ষে বর্ধমান শহরের ৬ নম্বর ওয়ার্ডে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে আমন্ত্রণ জানানো হয় শহরের সাফাইকর্মীদের। অনুষ্ঠানে তাঁদের মঞ্চে বসিয়ে সংবর্ধনা জানান মন্ত্রী। শুধু তাই নয়, নিজের হাতে তাঁদের পা ধুইয়ে দেন তিনি। শহরকে পরিচ্ছন্ন রাখার পিছনে সাফাইকর্মীদের নিরলস পরিশ্রমের কথা তুলে ধরে তাঁদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানান। কেন এমন উদ্যোগ? তার ব্যাখ্যাও দিয়েছেন মৌমিতা বিশ্বাস মিশ্র। তাঁর কথায়, আগে বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় আবর্জনা জমে থাকত। নির্বাচনে জেতার পর থেকেই শহরকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু হয়েছে। আর এই কাজে সাফাইকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বহু মহিলা কর্মী বাড়ির দায়িত্ব সামলেও প্রতিদিন শহর পরিষ্কারের কাজে নিজেদের নিয়োজিত রাখেন।
মন্ত্রী জানিয়েছেন, শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখার ক্ষেত্রে এই কর্মীদের অবদান কোনওভাবেই অস্বীকার করা যায় না। তাই তাঁদের যথাযথ সম্মান জানাতেই জন্মদিনে এই বিশেষ আয়োজন। তাঁর বক্তব্য, ভালোবাসা ও সম্মান পাওয়ার অধিকার সবারই রয়েছে।






