কলকাতারাজ্যের খবর

কালীপুজোর রাতে বাধা হয়ে দাঁড়াবে বৃষ্টি? ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই কি বাংলায় শীতের আমেজ?

উৎসবের আলোয় কি বাধা হয়ে দাঁড়াবে বৃষ্টি?

Truth of Bengal: অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়। তার প্রভাবে বাংলার আকাশেও তৈরি হয়েছিল দুর্যোগের মেঘ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়েছে। কিন্তু সামনেই কালীপুজো ও দীপাবলি। উৎসবের আলোয় কি বাধা হয়ে দাঁড়াবে বৃষ্টি? নাকি মেঘ কাটিয়ে মনোরম আবহাওয়ায় জমে উঠবে আলোর উৎসব? সেই প্রশ্নেরই উত্তর দিল আলিপুর আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকেই ধীরে ধীরে বদলাতে শুরু করেছে রাজ্যের আবহাওয়া। সকাল থেকে কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে কখনও মেঘলা, কখনও পরিষ্কার আকাশ দেখা গেলেও আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বুধবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের অধিকাংশ জায়গাতেই বজায় থাকবে শুষ্ক আবহাওয়া। অর্থাৎ ভূত চতুর্দশী থেকে কালীপুজো, উৎসবের দিনগুলিতে বৃষ্টির আশঙ্কা বিশেষ থাকছে না। তবে এখানেই রয়েছে আরও এক সুখবর। সপ্তাহান্তে নামতে পারে পারদ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী কয়েক দিনে রাজ্যের তাপমাত্রা প্রায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে কালীপুজোর রাত থেকেই বাতাসে হালকা শীতের আমেজ অনুভূত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টির দাপট না থাকায় স্বস্তিতে উৎসবপ্রেমীরা। আকাশ পরিষ্কার থাকলে বাজি, আলো আর উৎসবের আনন্দে মেতে ওঠার জন্য অনুকূল পরিবেশই পেতে পারেন রাজ্যবাসী।

তবে কালীপুজোর পর ফের বদলাতে পারে আবহাওয়ার মেজাজ। আবহাওয়া দপ্তরের ইঙ্গিত, সোমবার ও মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। ফলে উৎসবের পরেই ফের বৃষ্টির মুখোমুখি হতে পারে শহর। এদিকে বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬২ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে মাত্র ০.২ মিলিমিটার।

Related Articles