চোরবাগান কাণ্ডের পর বাতিল সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি, নির্দেশিকা জারি স্বাস্থ্যভবনের
হাসপাতালের চিকিৎসক, আধিকারিক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী—সকলের ছুটি বাতিল করা হয়েছে
Truth of Bengal: উৎসবের আনন্দের মাঝেই চোরবাগানের মর্মান্তিক ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া। ঠাকুর দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনার পর এবার সতর্ক স্বাস্থ্য দফতর। এমন পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্যভবন। হাসপাতালের চিকিৎসক, আধিকারিক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী—সকলের ছুটি বাতিল করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলিকে সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যভবনের নির্দেশ অনুযায়ী, হাসপাতালগুলিতে অর্থোপেডিক, নিউরোসার্জন এবং অ্যানাস্থেটিস্টদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। পাশাপাশি পর্যাপ্ত অ্যাম্বুল্যান্স, রক্ত এবং অক্সিজেনের জোগান বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোনওরকম আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে যাতে দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়া যায়, তা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
নির্দেশিকা অমান্য করলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে স্বাস্থ্যভবন। প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মী বা আধিকারিকদের সাসপেন্ড করা হতে পারে বলে জানানো হয়েছে। সূত্রের খবর, দক্ষিণেশ্বরে দর্শনার্থীদের বিপুল ভিড় এবং টাকিতে বিসর্জন পর্বের কথা মাথায় রেখে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বাড়তি প্রস্তুতি ও নজরদারি নিশ্চিত করতে উত্তর ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিককেও প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে। উৎসবের বাকি দিনগুলিতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চিকিৎসা পরিকাঠামোকে সম্পূর্ণ প্রস্তুত রাখতেই এই উদ্যোগ স্বাস্থ্যভবনের।




