রেজিনগরে হুডখোলা গাড়িতে প্রচার মদন মিত্রর, তোপ বিজেপি ও মমতাকে
প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসআইআর ও ভোটার তালিকা ইস্যুতে নির্বাচন কমিশন এবং বিজেপি ও মমতাকে কটাক্ষ করে তীব্র আক্রমণ শানান গনতান্ত্রিক তৃণমূল নেতা মদন মিত্র।
কল্যাণ বিশ্বাস, মুর্শিদাবাদ: উপনির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই চড়ছে রেজিনগরের রাজনৈতিক পারদ। রবিবার সকাল থেকেই সেখানে নির্বাচনী প্রচারে কার্যত ঝড় তুলল গনতান্ত্রিক তৃণমুল শিবির। হুডখোলা গাড়িতে প্রার্থী শফিউজ্জামান শেখ এবং তাঁর সমর্থনে বিশাল বাইক র্যালিকে কেন্দ্র করে দিনভর সরগরম রইল গোটা এলাকা। এদিন লোকনাথপুর এলাকা থেকে এই বর্ণাঢ্য প্রচার শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের উদ্দেশে হাত নেড়ে জনসংযোগ সারেন প্রার্থী। এদিনের প্রচারে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী চিফ হুইপ আখরুজ্জামান এবং মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, মদন মিত্র সহ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা।
প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসআইআর ও ভোটার তালিকা ইস্যুতে নির্বাচন কমিশন এবং বিজেপি ও মমতাকে কটাক্ষ করে তীব্র আক্রমণ শানান গনতান্ত্রিক তৃণমূল নেতা মদন মিত্র।
এ প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও কটাক্ষ করেন তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেমন, তখন তেমন অবস্থান নিচ্ছেন। উনি দেখলেন দু’জন নির্বাচন কমিশনার এদিক-ওদিক বলেছেন, সঙ্গে সঙ্গে এমন হাওয়া তৈরি করলেন যেন কালকেই দেশটা ভেঙে যাবে। যদি গণতান্ত্রিক পরিকাঠামো ভেঙে যায়, তাহলে তো মোদির ওয়ান ম্যান শো হয়ে যাবে। মমতার আসলে লক্ষ্য হচ্ছে মোদিকে প্রেসিডেন্সিয়াল ফর্ম অব গভর্নমেন্ট করা। এটা ১৪০ কোটি মানুষের দেশ, বিচারালয় আছে। এত হড়বড় করলে চলবে না। এত তাড়াহুড়ো করে পার পাওয়া যাবে না।’
ভোটার তালিকায় নাম বাদ পড়া প্রসঙ্গে নির্বাচন কমিশন ও বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে মদন মিত্র দাবি করেন, এসআইআর-এ যে সমস্ত নাম বাদ দেওয়া হয়েছে, সেই নামগুলি একবার তালিকায় যোগ হতে দিন। আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি—রেজিনগরে আগামী নির্বাচনে বিজেপি গো-হারা হারবে, নাকে খত দিয়ে হারিয়ে দেব।’






