কলকাতা

বাইকবাহিনী ঘিরল গাড়ি! বেলেঘাটায় ফের হামলার অভিযোগ কুণালের

কুণালের দাবি, হামলাকারীদের মধ্যে একজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল এবং তাঁর নিরাপত্তারক্ষীরা অস্ত্র বের করার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

Truth of Bengal: পরপর দু’দিন হামলার অভিযোগ তুললেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। শনিবার উত্তরপাড়ায় তাঁর গাড়িতে ডিম, পাথর ও রড ছোড়ার অভিযোগ ওঠে। রবিবার সকালে নিজের বিধানসভা এলাকায় ফের তাঁর গাড়িতে হামলা হয়েছে বলে দাবি করেন কুণাল। তাঁর অভিযোগ, বাইকে আসা কয়েকজন গাড়ির কাচ ভাঙে এবং তাঁকে টেনে নামানোর চেষ্টা করে।

কুণালের দাবি, হামলাকারীদের মধ্যে একজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল এবং তাঁর নিরাপত্তারক্ষীরা অস্ত্র বের করার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তিনি ঘটনাটিকে ‘খুনের চেষ্টা’ বলে অভিযোগ করেন এবং পরে নারকেলডাঙা থানায় যান।

শনিবারের ঘটনায় কুণাল অভিযোগ করেছিলেন, শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে উত্তরপাড়ায় তাঁর গাড়ি ঘিরে হামলা চালানো হয়। ভিডিওতে গাড়ির কাচ ভাঙা এবং ডিম ছোড়ার দৃশ্যও দেখা যায়।

ঘটনার দায় নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। কুণাল ও তাঁর শিবির বিজেপির দিকে অভিযোগ তুললেও বিজেপি তা অস্বীকার করেছে। বিজেপির বক্তব্য, হামলার সঙ্গে তাদের কোনও কর্মীর যোগ নেই এবং তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের দিকও খতিয়ে দেখা উচিত। পুলিশও ঘটনার তদন্ত করছে।

Related Articles