মদ্যপ অবস্থায় মহিলা চিকিৎসককে ইভটিজিং! অ্যাক্রোপলিস মলে তুলকালাম, গ্রেফতার ৬
মহিলা চিকিৎসকের অভিযোগ, পুলিশের সামনেও তাঁদের লক্ষ্য করে গালিগালাজ করা হয়
Truth of Bengal: অ্যাক্রোপলিস মলে সিনেমা দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুললেন বাঁশদ্রোণীর এক চিকিৎসক দম্পতি। রবিবার সন্ধ্যার এই ঘটনায় ছ’জন যুবকের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ পরে অভিযুক্ত ছ’জনকেই গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে খবর, ওই দম্পতি রবিবার সন্ধ্যায় মলে সিনেমা দেখতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় ছ’জন যুবক তাঁদের সামনে এসে অশালীন আচরণ করতে শুরু করে। মহিলা চিকিৎসকের দাবি, যুবকদের কয়েকজন মদ্যপ অবস্থায় ছিলেন এবং তাঁকে লক্ষ্য করে কুমন্তব্য করেন।
ঘটনার প্রতিবাদ করেন ওই দম্পতি। অভিযোগ, এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ওই যুবকদের সঙ্গে থাকা কয়েকজন মহিলা তখন প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে এসে পাল্টা চিকিৎসক দম্পতির বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ তোলেন। দুই পক্ষের মধ্যে বচসা শুরু হলে প্রেক্ষাগৃহের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। খবর দেওয়া হয় কসবা থানায়। পুলিশ দ্রুত মলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহিলা চিকিৎসকের অভিযোগ, পুলিশের সামনেও তাঁদের লক্ষ্য করে গালিগালাজ করা হয়। এরপরই ছ’জন যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে গ্রেপ্তার করা হয়।
ধৃতদের নাম আনন্দ কুমার, সুরেশ কুমার, অরবিন্দ কুমার, সৃজন দরবার, মনোজ রায় এবং অরিন্দম ঘোষ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তদন্তকারীরা ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন। ঘটনার সময় ঠিক কী হয়েছিল, সেখানে আর কারা উপস্থিত ছিলেন এবং প্রেক্ষাগৃহের সিসিটিভি ফুটেজে কী ধরা পড়েছে—সেসবও খতিয়ে দেখা হতে পারে।






