করম পুজোয় রাজ্য জুড়ে ছুটি ঘোষণা! কোন কোন সংস্থায় মিলবে ছুটি? জারি নির্দেশিকা
বুধবার অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে
Truth of Bengal: করম পুজো উপলক্ষে আগামী ২২ সেপ্টেম্বর রাজ্যে ছুটি ঘোষণা করল সরকার। বুধবার অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ওই দিন রাজ্য সরকারি কার্যালয়, বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, কর্পোরেশন, রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে রাজ্যের চা-বাগানে কর্মরত আদিবাসী সম্প্রদায়ের কর্মীদের জন্যও ২২ সেপ্টেম্বর ছুটির দিন হিসেবে গণ্য হবে। করম পুজোর ছুটির জেরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষার সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টার পরীক্ষা শুরু হচ্ছে ২১ সেপ্টেম্বর। এর আগে উপনির্বাচনের কারণে এক দফা পরীক্ষার দিন বদল করা হয়েছিল। এবার করম পুজোর ছুটির কারণে ফের সূচি পরিবর্তন করা হল।
২২ সেপ্টেম্বর নির্ধারিত সমস্ত ভোকেশনাল বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ওই পরীক্ষাগুলি হবে ১৩ অক্টোবর দ্বিতীয়ার্ধে, দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে সূচিতে ফের পরিবর্তন করা হতে পারে বলেও জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তিথি অনুযায়ী পার্শ্ব একাদশীর দিন করম পুজো পালিত হয়। উৎসবের প্রস্তুতি শুরু হয় প্রায় এক সপ্তাহ আগে থেকেই। বিভিন্ন এলাকায় মহিলারা নদীর চর থেকে মাটি সংগ্রহ করে তাতে নানা ধরনের শস্যদানা রোপণ করেন। কয়েক দিনের মধ্যে সেই বীজ অঙ্কুরিত হলে করম পুজোর দিন তা পুজোয় ব্যবহার করা হয়। উৎসবকে ঘিরে চলে নাচ, গান এবং নানা সামাজিক অনুষ্ঠান।
কুড়মি সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর মানুষের কাছেও করম একটি গুরুত্বপূর্ণ উৎসব। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে এই উৎসব বিশেষভাবে জনপ্রিয়। পশ্চিমবঙ্গের পুরুলিয়া ছাড়াও ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা এবং ছত্তিশগড়ের বিস্তীর্ণ আদিবাসী অধ্যুষিত এলাকায় উৎসাহের সঙ্গে করম পুজো পালিত হয়। রাঢ় বাংলায় করম ও ভাদু উৎসবকে শারদোৎসবের আগমনী বার্তার সঙ্গেও যুক্ত করে দেখা হয়। বাংলার উৎসবের আবহে করম পুজো তাই এক বিশেষ সাংস্কৃতিক তাৎপর্য বহন করে।


