রাজ্যজুড়ে আরও দু’দিন বৃষ্টি! দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের আশঙ্কা
কয়েকটি জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
Truth of Bengal: রাজ্যজুড়ে আপাতত বৃষ্টি থেকে রেহাই নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা বাঁকুড়ার উপর দিয়ে পূর্ব দিকে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি দক্ষিণ গুজরাত থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। এই দুই আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবেই রাজ্যে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং বীরভূমে তুলনামূলক বেশি বৃষ্টি হতে পারে।
বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।
উত্তরবঙ্গেও বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার জলপাইগুড়ি, মালদা ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
শুক্র ও শনিবার উত্তরবঙ্গে ফের বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাস রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতাতেও মঙ্গলবার ও বুধবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৭৪ শতাংশ।






