রাজ্যের খবর

ED Raid: নিয়োগ দুর্নীতি মামলায় জেলায় জেলায় ইডির হানা, তৃণমূল বিধায়ক ও তাঁর পিসির বাড়িতে তল্লাশি

মুর্শিদাবাদের আন্দিতে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে প্রবেশ করেছে ইডি আধিকারিকদের পাঁচ সদস্যের একটি দল।

Truth of Bengal: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সংস্থা ইডি। সোমবার ভোর থেকে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম ও রাজধানী কলকাতায় একযোগে হানা দিয়েছে ইডি-র বিভিন্ন দল (ED Raid)।

সবচেয়ে আলোচিত অভিযান চলছে মুর্শিদাবাদের আন্দিতে। সেখানে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে প্রবেশ করেছে ইডি আধিকারিকদের পাঁচ সদস্যের একটি দল। সকাল সকাল দুটি গাড়ি নিয়ে তাঁদের পৌঁছতে দেখা যায়। একটিতে ইডির আধিকারিকেরা, অন্যটিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গ্রামজুড়ে কড়া নিরাপত্তা বলয় তৈরি করে তারপরেই শুরু হয় তল্লাশি। সূত্রের খবর, বিধায়ককে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। একইসঙ্গে রঘুনাথগঞ্জে তাঁর শ্বশুরবাড়ি এবং স্ত্রী টগর সাহার পিয়ারাপুরের বাড়িতেও ইডি হানা দিয়েছে (ED Raid)।

আরও পড়ুনঃ Konnagar: সুট-বুট পরা চোর! চারচাকা গাড়িতে করে নুন চুরি, সিসিটিভি ফুটেজ ভাইরাল হতেই ফাঁস কুকীর্তি

বীরভূমের সাঁইথিয়ায়ও সক্রিয় ইডি। সেখানকার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতে তল্লাশি চলছে। উল্লেখযোগ্য, মায়া হলেন জীবনকৃষ্ণ সাহার পিসি। কাউন্সিলরের বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। ফটক আংশিক খোলা থাকলেও, পাহারায় দাঁড়িয়ে রয়েছেন জওয়ানরা। বাড়ির ভিতরে ইডি আধিকারিকেরা নথি খুঁজে দেখছেন, তবে এই অভিযান কোন প্রমাণের খোঁজে তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মুর্শিদাবাদের মহিষ গ্রামে ব্যাঙ্ককর্মী রাজেশ ঘোষের বাড়িতেও তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। কলকাতাতেও একাধিক জায়গায় হানা দিয়েছে বলে সূত্রে খবর।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

প্রসঙ্গত, এসএসসি নিয়োগ মামলায় ২০২৩ সালের ১৭ এপ্রিল জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছিল সিবিআই। তার আগেই তাঁর বাড়িতে অভিযান চালানো হয়েছিল। অভিযোগ উঠেছিল, তল্লাশির সময় প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তিনি নিজের দুটি মোবাইল ফোন পুকুরে ছুড়ে ফেলেছিলেন। পরে দীর্ঘ সময় ধরে পুকুরের জল নামিয়ে সেই মোবাইল উদ্ধার করে তদন্তকারীরা। প্রায় ১৩ মাস জেলে কাটানোর পর সুপ্রিম কোর্ট থেকে জামিন পান তিনি (ED Raid)।

সোমবার সকালের অভিযান ঘিরে কৌতূহল তৈরি হলেও, ইডি এখনও পর্যন্ত এই হানার কারণ বা উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে নিয়োগ দুর্নীতির মামলায় বিভিন্ন প্রমাণ জোগাড় করতেই রাজ্যের একাধিক জায়গায় একযোগে এই তল্লাশি চলছে বলে অনুমান তদন্তকারী মহলের (ED Raid)।

Related Articles